জ্যাকির সঙ্গে ইলিয়েনা

বলিউডি অভিনেত্রীর বিপরীতে দাঁড়ানোর অভিজ্ঞতা জ্যাকি চ্যানের জন্য নতুন নয়। এর আগেও মল্লিকা শেরওয়াত ছিলেন জ্যাকি চ্যান অভিনীত দ্য মিথ ছবিতে। দ্য মিথ–এর পরিচালক স্ট্যানলে টং এবার নির্মাণ করছেন কুংফু ইয়োগা। জ্যাকি চ্যানের সঙ্গী হিসেবে এবারও তিনি বেছে নিয়েছেন একজন ভারতীয় নায়িকাকে। পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা কাইফ। তাঁর সঙ্গে শিডিউল নিয়ে বনিবনা না হওয়ায় সুযোগটা পেয়ে গেছেন ইলিয়েনা ডি’ক্রুজ।

হ্যাঁ, বরফি অভিনেত্রীই অভিনয় করবেন কুংফু ইয়োগা ছবির মূল নায়িকার চরিত্রে। পরিচালক জানিয়েছেন, দ্য মিথ ছবিতে মল্লিকা শেরওয়াতের খুব বেশি উপস্থিতি ছিল না। পর্দায় তাঁকে অল্প সময়ের জন্য দেখা গেছে। কিন্তু কুংফু ইয়োগাতে প্রায় পুরো ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ইলিয়েনা। ছবিতে বেশ কিছু স্টান্ট দৃশ্যের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে তাঁকে। স্বয়ং জ্যাকি চ্যান ইলিয়েনাকে প্রশিক্ষণ দিচ্ছেন।
কুংফু ইয়োগা ছবির মূল খলনায়কের চরিত্রেও থাকছেন একজন ভারতীয় অভিনেতা—সনু সুদ। দুবাইয়ে এখন ছবিটির শুটিং চলছে। বলিউড লাইফ।