জ্যাকুলিনের সমৃদ্ধি...

ইতিমধ্যে এক ‘খান’ শেষ। বাকি থাকল আরও দুই ‘খান’। বলিউডের এমন কোনো নায়িকা খুঁজে পাওয়া যাবে না, যাঁদের ‘খান’ খানদানের সঙ্গে অভিনয়ের খায়েশ নেই। খানেই নাকি সমৃদ্ধি। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
২০১৪ সালে সালমান খানের সঙ্গে কিক ছবিতে অভিনয় করেছিলেন এই তারকা। ছবিটির সাফল্যেই শুধু নয়, কাজ শেষে তিনি নিজেই উপলব্ধি করেছেন নিজের উন্নতি। এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, খানদের সঙ্গে অভিনয় করলে যেকোনো শিল্পী সমৃদ্ধ হবেন।
বাকি দুই খান—শাহরুখ ও আমিরের সঙ্গে কাজের সুযোগ হলে করবেন কি?
উত্তরে জ্যাকুলিন বলেন, ‘অবশ্যই। কে না করবে! এই অভিনেতাদের সঙ্গে কাজ করা মানেই অনেক কিছু শেখা।’
সম্প্রতি বরুণ ধাওয়ান ও জন এব্রাহামের সঙ্গে অ্যাকশন অ্যাডভেঞ্চার ঢিশুম-এ কাজ করা এই অভিনেত্রী বলেন, ‘খানরা কিংবদন্তি। শেখা ও এগিয়ে যাওয়ার জন্য আমি তাঁদের সঙ্গে কাজ করতে এক পায়ে খাড়া।’
জ্যাকুলিনের পরবর্তী ছবি আ ফ্লাইং জ্যাট। রেমো ডি’সুজা পরিচালিত এই ছবিতে জ্যাকুলিনের নায়ক টাইগার শ্রফ। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের ২৫ তারিখ মুক্তি পাবে ছবিটি। হিন্দুস্তান টাইমস।