জ্যাকের কষ্ট রোজই বোঝে


তিনি যেন হলিউডের ‘লিওনেল মেসি’। মেসি যেমন ফুটবল দুনিয়ার তাবৎ কিছু বগলদাবা করেও এখন পর্যন্ত ছুঁয়েই দেখতে পারেননি বিশ্বকাপ। লিওনার্দো ডিক্যাপ্রিও কেন এখনো অস্কার জেতেননি, এও এক বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য! জেতেননি অস্কার, তাতে বলুন দোষটা কার! ষষ্ঠবারের মতো মনোনয়ন পেয়েছেন। তবে কি এবারই দানে দানে ছয় দান?
জ্যাকের কষ্টটা সবচেয়ে বেশি বুঝছেন রোজই। টাইটানিক দিয়ে দুজনেরই ক্যারিয়ারের উত্থান। সেই কেট উইন্সলেট সাত বছর আগেই পরম আরাধ্যের অস্কার পুরস্কারের স্মারকে চুমু এঁকে দিয়েছেন। উইন্সলেট খুব করে চাইছেন, এবারই যেন ডিক্যাপ্রিরও দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, সবাই-ই এটা অনুভব করে। সবাই চায়, ও যেন অস্কারটা জেতে। এমনটা হলে তা হবে দারুণ কিছু।’
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ডিক্যাপ্রিওর অস্কার-খরায় এবারই বর্ষণ হবে। আলেহান্দ্রো ইনারিতুর রেভেন্যান্ট-এ দুর্দান্ত অভিনয় করে আবারও সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন। ডিক্যাপ্রিও অস্কার ‘অ্যাকসেপ্ট্যান্স স্পিচ’টা তৈরি করে রাখতেই পারেন! আইএএনএস।