জয়, পরিচালকের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা অ্যাডাম ড্রাইভার, পরিচালক লিওঁ কারা ও অভিনেত্রী মারিওন কোটিয়াড। ছবি: এএফপি

সেরা পরিচালক
লিওঁ কারা, অ্যানেট, ফ্রান্স

৬১ বছর বয়সী ফরাসি নির্মাতা লিও কারার ক্যারিয়ারের বয়স ৪১। এই দীর্ঘ ক্যারিয়ারে মাত্র ৯টি স্বল্প আর ৬টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। শেষ সিনেমা অ্যানেট দিয়ে জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। এই সিনেমাটি দিয়েই এবারের উৎসবের পর্দা ওঠে। অ্যানেট ফরাসি পরিচালকের প্রথম ইংরেজি ছবি। সিনেমায় অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার ও ম্যারিয়া কটিয়া। ড্রামা ও মিউজিক্যাল ঘরানার এই সিনেমাটিতে প্রথমে রুনি মারা ও মিশেল উইলিয়ামের অভিনয় করার কথা ছিল। একটি চরিত্র ক্রিস্টেন স্টুয়ার্ট অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি ভালো গান গাইতে পারেন না বলে সিনেমাটি ছেড়ে দেন। সিনেমা গল্পে বেশির ভাগ অভিনয়শিল্পীকেই গান গাইতে হয়েছে। এখানে কোনো প্রশিক্ষিত গায়ক নেওয়া হয়নি। আগ্রাসী এক স্ট্যান্ডআপ কমেডিয়ান আর তার স্ত্রীকে নিয়ে ছবির গল্প। তাদের আছে ২ বছর বয়সী এক কন্যা। অ্যানেট নামে এই শিশুটির আছে আশ্চর্য এক ক্ষমতা। সিনেমাটিতে সংলাপ খুবই কম।

১৯৮৪ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা বয় মিটস গার্ল দিয়ে কানের অ্যাওয়ার্ড অব দ্য ইয়ুথ জয় করেন। আরও দুবার স্বর্ণপামের জন্য নির্বাচিত হয়েছিল তাঁর ছবি। ২০১২ সালে তিনি আবারও হলি মটরস সিনেমা দিয়ে কানের ‘অ্যাওয়ার্ড অব দ্য ইয়ুথ’ পুরস্কার পান।

তরুণ ও সাহসী নির্মাতাদের জন্য এই বিভাগ। ছবি: কান চলচ্চিত্র উৎসবের ওয়েব সাইট থেকে

আঁ সার্তেঁ রিগা
আনক্লিনচিং দ্য ফিস্টস, কিরা কোভালেঙ্কো

তরুণ ও সাহসী নির্মাতাদের জন্য এই বিভাগ। এই সাহস বলতে নিজের প্রথম পরিচালনা দিয়ে নির্মাণের ট্র্যাডিশন ভাঙতে হবে। গল্পশৈলী থেকে নির্মাণপ্রক্রিয়া—সবকিছুতেই থাকতে হবে নতুনত্ব।

বিশ্বের প্রথম এবং দ্বিতীয় সিনেমার নির্মাতাদের আঁ সার্তেঁ রিগা জায়গা করে দেয়। এই বছর ৭ জন নির্মাতা প্রথম সিনেমা দিয়ে এই বিভাগে জায়গা করে নিয়েছেন। এ বছর ২০টি সিনেমা নির্বাচিত হয়েছিল। তার মধ্যে বাংলাদেশের ছবি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূরও ছিল। এই শাখায় সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড প্রাইজ পেয়েছে রাশিয়ার ছবি আনক্লিনচিং দ্য ফিস্টস। এটি পরিচালনা করেছেন কিরা কোভালেঙ্কো। এই ছবি এমন এক মেয়েকে নিয়ে যে নিজের পরিবার আর খনিশহরের বন্ধন কাটিয়ে বাইরে দুনিয়ায় বেরিয়ে পড়ার জন্য হাঁসফাঁস করে।