টম ক্রুজ এবার খলনায়ক

দুই দিন পর মুক্তি পাবে হলিউডের আলোচিত ভৌতিক ছবি ‘দ্য মামি’। ১৯৯৯ সালে প্রথম একই নামে মুক্তি পাওয়া ছবির ‘স্পিন-অফ’ বা আনুষঙ্গিক ছবি এটি। ছবির পোস্টার দেখলে মনে হয় যেন অস্কারজয়ী অভিনেতা টম ক্রুজ এই ছবিতে মহানায়কের ভূমিকায় আছেন, যিনি পৃথিবীকে বাঁচাতে সদা তৎপর। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। গতকাল ছবির প্রিমিয়ার শোতে মুখ খুললেন টম ক্রুজ। তিনি আসলে একটি ‘দুষ্ট’ চরিত্র করেছেন নতুন ‘দ্য মামি’তে।
খলনায়কের চরিত্রে অভিনয় করা টম কোনো দিন ভাবেননি যে তিনি এমন একটি চরিত্রে অভিনয় করবেন। কিন্তু চরিত্রটি নাকি বেশ মজার, উপভোগ করেছেন তিনি। চরিত্রের নাম নিক।
টম বলেন, ‘নিক একটু দুষ্ট চরিত্রের। সে হচ্ছে একজন চোর। মজার চরিত্র।’ তিনি জানান, এই চরিত্রটি ঈশ্বর ও দানব নিয়ে একটি নতুন জগৎ তৈরি করে। টমের মতে, নিকের চরিত্রটি প্রশ্নবিদ্ধ, তবে খুব আকর্ষণীয় এবং রসাত্মক।
অ্যাকশন হিরো নামে যাঁর পরিচিতি, তিনি যে ‘দুষ্ট’ চরিত্রে অভিনয় করে তা ভুলে যেতে দেবেন না, সেটার নিশ্চয়তাও দিয়েছেন ‘অবলিভিয়ন’ ছবির তারকা। তিনি বলেন, ‘আমি এই চরিত্রগুলো পছন্দ করি, কারণ আমি বিনোদন দিতে চাই। আর আমি সেটাই করি।’ তিনি আরও বলেন, ‘আমি চলচ্চিত্র ভালোবাসি। আমি চলচ্চিত্রের অনেক বড় ভক্ত। আমি ভালোবাসি আমার সব সামর্থ্য দিয়ে দর্শকদের বিনোদন দিতে।’ আত্মবিশ্বাসী টমের কথা শুনেই মনে হচ্ছে ‘দুষ্ট’ নিক ভালোই বিনোদন দেবে দর্শককে। তথ্যসূত্র: পিপল