টম ক্রুজের শুটিংয়ে আবারও 'বিপদ'

বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না হলিউডের অভিনেতা টম ক্রুজের। সেপ্টেম্বর মাসে ক্রুজের একটি ছবির শুটিংয়ের সময় মারাত্মক বিমান দুর্ঘটনায় বিমান চালকসহ প্রাণ হারিয়েছিলেন দুজন। শুক্রবার রাতে আবারও টম ক্রুজের একটি ছবির শুটিংয়ের সময় অগ্নিকাণ্ড ঘটে। অবশ্য, টম ক্রুজসহ শুটিংয়ে উপস্থিত সবাই নিরাপদেই আছেন। এ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাতে টম ক্রুজের ‘জ্যাক রিচার’ ছবির সিকুয়েল ‘জ্যাক রিচার: নেভার গো ব্যাক’-এর শুটিংয়ের সময় হঠাৎই শুটিংয়ের পোশাকবাহী গাড়ি (ওয়ার্ডরোব ট্রেইলার) এবং শুটিং স্পটের বিভিন্ন সরঞ্জামে আগুন ধরে যায় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তিনি জানান, মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। শুটিং স্পটের পাশে রাখা গাড়িটি আগুনে জ্বলতে থাকে।

সে সময় তোলা কয়েকটি আলোকচিত্রে দেখা গেছে, শুটিং স্পটের পাশে পার্ক করে রাখা পোশাকবাহী গাড়িটিতে আগুন ধরে গেছে এবং তা দাউ দাউ করে জ্বলছে। যদিও অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন অভিনেতা টম ক্রুজ, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি আহত বা অগ্নিদগ্ধ হননি।
প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, যখন আগুন ধরে যায় সে সময় ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ দূরে ছিলেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।
এর আগে, সেপ্টেম্বর মাসে ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে নির্মিত ছবির শুটিংয়ের দুর্ঘটনায় বিমান চালকসহ মোট দুজনের প্রাণহানি ও একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল কলম্বিয়ার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসের সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে নির্মিতব্য সেই ছবির শুটিং বন্ধ রাখা হয়েছিল। অবশ্য সেবার দুর্ঘটনা ঘটার সময় বিমানটিতে টম ক্রুজ ছিলেন না।
এদিকে, জানা গেছে, হলিউডের তারকা টম ক্রুজের ‘জ্যাক রিচার’ ছবির সিকুয়েলের শুটিংয়ের সময় ঘটা এই অগ্নিকাণ্ডের খবর জানানো হলে দমকলকর্মীরা (ফায়ার ফাইটার) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। টিএমজি। পিটিআই।