টম হ্যাংকস পাচ্ছেন আজীবন সম্মাননা

রোম চলচ্চিত্র উৎসবে হলিউড তারকা টম হ্যাংকসকে আজীবন সম্মাননা জানানো হবে। দুবার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারজয়ী ৫৯ বছর বয়সী এই অভিনেতা উৎসবের পরিচালক আন্তোনিও মোন্দা’র সঙ্গে সবার জন্য উন্মুক্ত একটা কথোপকথনেও অংশ নেবেন এ সময়। এ উৎসবে টম হ্যাংকস অভিনীত সেরা ১৫টি ছবির রেট্রোসপেক্টিভেরও আয়োজন করা হয়েছে।
টম হ্যাংকস তিন দশক ধরে অসাধারণ সব ছবি উপহার দিয়ে যাচ্ছেন। এরমধ্যে বেশিরভাগই ব্যবসাসফল। ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘অ্যাপোলো ১৩’, ‘দ্য দা ভিঞ্চি কোড’, ‘ব্রিজ অব স্পাইস’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি করেছেন তিনি। ‘ফিলাডেলফিয়া’ ও ‘ফরেস্ট গাম’ ছবি দুটির জন্য তিনি অস্কারে ভূষিত হয়েছেন।
আন্তোনিও মোন্দা তাঁর এক বিবৃতিতে বলেছেন, ‘টম হ্যাংকসকে আমি সর্বকালের সেরা অভিনেতাদের অন্যতম বলে মনে করি। কমেডি, সিরিয়াস নানা ধরনের চলচ্চিত্রে টম হ্যাংকসের যে বৈচিত্রময় অভিনয়, ছবিগুলোতে তাঁর যে মনস্তাত্ত্বিক স্থৈর্য, সেটাই তাঁর চরিত্রগুলোকে আমাদের ভাবনায় স্থায়ীত্ব দেবে।’
রোম চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ১৩ অক্টোবর। শেষ হবে ২৩ অক্টোবর। ইতালির রাজধানী রোমের পারসো দেলা মুজিকা মিলনায়তনে বসছে এ আসর।