টম হ্যাংকসের আজব শখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হ্যাংকস
টম হ্যাংকস

নানা জনের থাকে নানা ধরনের শখ। কারও শখ ডাকটিকিট জমানো, কেউবা সংগ্রহ করেন নানা ধরনের ঘড়ি। এই যেমন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের বিশেষ দুর্বলতা গাড়ির প্রতি। তেমনি হলিউডের তারকা অভিনেতা টম হ্যাংকস সংগ্রহ করেন পুরোনো বা অ্যান্টিক সব টাইপ রাইটার। এই তারকা অভিনেতার সংগ্রহে বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫০টি টাইপরাইটার আছে।
শুধু টাইপরাইটার সংগ্রহে জমিয়ে রাখাটাই কিন্তু টম হ্যাংকসের শখ নয়। এসব টাইপরাইটার তিনি রীতিমতো ব্যবহারই করেন। দিব্যি সেখানে কাগজ চাপিয়ে চিঠি টাইপ করেন তিনি।
কাল বড়দিন। ৫৮ বছর বয়সী এই ‘সেভিং মিস্টার ব্যাংকস’ তারকা জানিয়েছেন, পুরোনো বা অ্যান্টিক কোনো টাইপরাইটার তিনি বড়দিনের উপহার হিসেবে পেলে বেশ খুশিই হবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পুরোনো কোনো টাইপরাইটার ঠিকঠাক করে কাজের উপযোগী করতে একজন মেরামতকারী বা মেকানিকের প্রায় এক মাস সময় লেগে যায়। টম হ্যাংকস জানিয়েছেন, এমন একটি টাইপরাইটার তিনি লেখালেখির কাজে ব্যবহার করেন।
যদিও প্রাচীন বা পুরোনো টাইপরাইটার সংগ্রহ করা এই তারকা অভিনেতার শখ, কিন্তু তিনি ঠিক সেকেলে মানুষ নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরবই বলা যায় তাঁকে। সম্প্রতি এই অভিনেতা তাঁর ক্রেডিট কার্ডটি হারিয়ে ফেলেছিলেন। পরে টনি নামের একজন সেটা খুঁজে পেয়ে তাঁকে ফেরত দেওয়ার পর টুইটারে টম হ্যাংকস তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, টনি নামের একজন রাস্তায় কুড়িয়ে পেয়ে আমার ক্রেডিট কার্ডটি ফেরত পাঠিয়েছে। ধন্যবাদ টনি। তোমার মতো মানুষই এই শহরকে আরও অসাধারণ করে তোলে। পিটিআই। নিউ ইয়র্ক পোস্ট।