টম হ্যাঙ্কস সম্পাদক মেরিল স্ট্রিপ প্রকাশক!

১৯৭১ সালে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত হয় এক বিতর্কিত প্রতিবেদন ‘পেন্টাগন পেপার্স’। সেটি প্রকাশের আগে-পরে কী ঘটেছিল, সেসব নিয়ে ছবি বানাচ্ছেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। দ্য পোস্ট নামের সেই ছবিতে দ্য ওয়াশিংটন পোস্ট-এর তৎকালীন সম্পাদক বেন ব্র্যাডলির চরিত্রে অভিনয় করবেন টম হ্যাঙ্কস, পত্রিকাটির প্রকাশক কে গ্রাহামের চরিত্রে মেরিল স্ট্রিপ।

তিনবার অস্কার পাওয়া অভিনেত্রী মেরিল স্ট্রিপ এবং সর্বকালের ব্যবসাসফল হলিউড ছবির অন্যতম প্রধান অভিনেতা টম হ্যাঙ্কসকে নির্দেশনা দেবেন প্রভাবশালী হলিউড প্রযোজক ও পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এই ছবির মাধ্যমে একসঙ্গে দেখা যাবে টম ও মেরিলকে। পূরণ হবে স্পিলবার্গ ও মেরিলের অনেক দিনের স্বপ্ন।
২০০০ সালে এক চিঠিতে স্পিলবার্গের একটি ছবিতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন মেরিল। ২০০১ সালে অবশ্য সেই সুযোগ একবার এসেছিল মেরিলের। স্পিলবার্গের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবির একটি অ্যানিমেটেড চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনবার অস্কারজয়ী এই অভিনেত্রী। ২০১২ সালে এক সাক্ষাৎকারে স্পিলবার্গও বলেছিলেন, মেরিলকে নিয়ে একটি ছবি করা তাঁর স্বপ্ন। স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। ফলে নতুন এই ছবি নিয়ে খানিকটা উত্তেজনা তৈরি না হওয়ার কোনো কারণ নেই।
স্টিভেন স্পিলবার্গ ও টম হ্যাঙ্কস জুটিকে নিয়ে নতুন কিছু বলার নেই। অস্কারজয়ী ছবি সেভিং প্রাইভেট রায়ান, ব্যবসাসফল ছবি ক্যাচ মি ইফ ইউ ক্যান, দ্য টার্মিনাল ও সর্বশেষ ব্রিজ অব স্পাইস—সবই তো স্পিলবার্গ-হ্যাঙ্কস ‘স্পেশাল’ তকমা পাওয়া ছবি। ভ্যারাইটি।