টম হ্যাঙ্কসের ছেলে চেটকে খুঁজছে ব্রিটিশ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা টম হ্যাঙ্কসের সঙ্গে চেট হ্যাঙ্কস (ডানে)
বাবা টম হ্যাঙ্কসের সঙ্গে চেট হ্যাঙ্কস (ডানে)

অস্কারজয়ী হলিউডের অভিনেতা টম হ্যাঙ্কসের ছেলে র‌্যাপ সংগীতশিল্পী ও অভিনেতা চেট হ্যাঙ্কস। বাবার মতো জনপ্রিয় অভিনেতা হতে না পারলেও ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। হাতেগোনা আরও দু-একটি ছবিতেও অভিনয় করেছেন। সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন ২৪ বছর বয়সী চেট। তবে তা নেতিবাচক। লন্ডনে মাতাল অবস্থায় একটি চার তারকা হোটেলকক্ষ ভাঙচুরের অভিযোগে পুলিশ খুঁজছে তাঁকে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ডেইলি মিরর জানিয়েছে, একটি নৈশক্লাবে পার্টি শেষ করে মাতাল অবস্থায় হোটেলে ফেরেন চেট। তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন। হোটেলের সামনে গাড়ি থামানোর পর তাঁকে দেখে অসুস্থ মনে হয়। সঙ্গীদের নিয়ে তিনি হোটেলকক্ষে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই প্রচণ্ড চিৎকার করতে থাকেন চেট। হোটেলকক্ষের ভেতর থেকে ভাঙচুরের শব্দও শোনা যায়। পরদিন সকালে তিনি চলে যাওয়ার পর দেখা যায়, হোটেলকক্ষের ভেতরের সবকিছু তছনছ করা হয়েছে। মেঝেজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো।
হোটেল কতৃ‌র্পক্ষ জানিয়েছে, পার্টিতে আকণ্ঠ মদ গেলেন চেট। চারজন সঙ্গীকে নিয়ে হোটেলে ফিরে মাতাল অবস্থায় ভাঙচুর চালান। ক্ষয়ক্ষতির পরিমাণ ১২০০ পাউন্ডেরও বেশি। ভাঙচুরের অভিযোগের সত্য-মিথ্যা যাচাইয়ের জন্য চেটকে জিজ্ঞাসাবাদ করবে ব্রিটিশ পুলিশ।
এ প্রসঙ্গে ব্রিটিশ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, একজন অতিথি হোটেলকক্ষে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নামও পুলিশকে দেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তাঁর বয়স ২৪ বছর। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। খুঁজে পাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। অবশ্য অভিযুক্ত ব্যক্তি চেট কি না, তা নিশ্চিত করেননি পুলিশের ওই মুখপাত্র।
কিছুদিন আগেও নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন চেট। ইনস্টাগ্রামে আপত্তিকর শব্দ ব্যবহার করায় তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ছাড়া মাত্র ১৬ বছর বয়স থেকে মাদকে আসক্ত হয়ে পড়ায় গত বছরের নভেম্বরে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হতে হয়েছিল তাঁকে।