নতুন সিনেমা ব্রুশড নিয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন হলিউড তারকা হ্যালি বেরি। ছবিটির তিনি কেবল অভিনয়শিল্পীই নন, পরিচালকও। এই ছবি দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। আর ছবিটি পরিবেশন করছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ছবিটির বিনিময়ে নেটফ্লিক্সের কাছ থেকে পাওয়া টাকার অঙ্ক জানার পর রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী।
ব্রুশড ছবির জন্য ক্যামেরার সামনে ও পেছনে সমান শ্রম দিতে হয়েছে হ্যালি বেরিকে। একজন মার্শাল আর্ট যোদ্ধার মা ও খেলোয়ার হিসেবে টিকে থাকার সংগ্রাম নিয়ে ছবির গল্প। শুটিং করতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে তাঁকে, এমনকি পাঁজরের দুটি হাড়ও ভেঙে গিয়েছিল। ছবি নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে হ্যালি বলেছেন, ‘আমি দমে যাইনি। কারণ দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম। দিনের পর দিন মহড়া করেছি, আমরা চূড়ান্তভাবে প্রস্তুত ছিলাম। সুতরাং আমার মন, পরিচালক সত্তা বলছিল, এগিয়ে যাও। আমি নিজের মতো করে এগিয়ে গেছি। আমি এমনভাবে কাজ করে গেছি, যেন কোথাও বাধগ্রস্ত না হই। আমি মনে করি, আমি জয়ী হয়েছি।’
মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রুশড ছবির জন্য পরিচালক হিসেবে হ্যালি বেরিকে নেটফ্লিক্স দেবে প্রায় ২০ মিলিয়ন ডলার। প্রথম ছবির জন্য বিশাল অঙ্কের এ অর্থের কথা জেনে হতবাক হয়ে গিয়েছিলেন হ্যালি। ঘটনার পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি তো হতবাক। আমার স্বপ্নে আস্থা রাখার জন্য নেটফ্লিক্সকে ধন্যবাদ।’