টিকল না মাইলি-লিয়ামের সংসার

টিকল না গায়িকা মাইলি সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থের সংসার। বিয়ের মাত্র বছরখানেক পরে গত বছরের আগস্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লিয়াম। আইনগতভাবে এ মাসেই বিচ্ছিন্ন হলেন তাঁরা।
বলা যায়, বেশ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে মাইলি ও লিয়ামের বিচ্ছেদ। সন্তান নেই তাঁদের, তবে পোষা প্রাণীগুলো মাইলির কাছেই থাকবে। দুজনের চুক্তি হয়েছে, যাতে সহজেই নিজেদের সম্পত্তি তাঁরা ভাগ-বাঁটোয়ারা করে নিতে পারেন।
দীর্ঘদিন প্রেম করার পর ২০১২ সালে বাগদান করেছিলেন মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস ও অস্ট্রেলিয়ান অভিনেতা ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা লিয়াম হেমসওয়ার্থ। ২০১৮ সালের ডিসেম্বরে প্রায় চুপিচুপি বিয়ে করে কদিন বাদে জানিয়েছিলেন ভক্তদের। এক দশকের প্রেমের বিয়ে যে এক বছরও টিকবে না, সেটা কেউ ভাবতেই পারেনি।
ইতিমধ্যে নতুন প্রেমে জড়িয়ে গেছেন মাইলি সাইরাস। প্রেমিক অস্ট্রেলিয়ান মিউজিশিয়ান কোডি সিম্পসনকে নিয়ে কোনো লুকোছাপার মধ্যে নেই তিনি। তবে লিয়াম চুপিচুপি জড়িয়ে গেছেন আরেক নারীর সঙ্গে। আপাতত কেউই নতুন করে বিয়ে করতে পারছেন না। ফেব্রুয়ারির ২২ তারিখের পর আইনগত সব শর্ত পূরণ হলে আবার হয়তো নতুন বিয়ের ফুল ফুটবে। টিএমজেড ও বিবিসি