টিকা না নিলে...
টিকা নেওয়ার বৃহত্তর উপকারের কথাই ভেবেছিলেন জেনিফার অ্যানিস্টন। সে কারণে একটু ভিন্নভাবে এ হলিউড তারকা বলেছিলেন, ‘টিকা না নিলে ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই সম্পর্ক রাখবেন না!’ তারপর যা হলো, সেটা অত্যন্ত অপ্রীতিকর! ব্যাপক সমালোচনার মুখে পড়তে হলো এই অভিনেত্রীকে।
এমনিতেই ব্যস্ত তারকা হিসেবে খুব কম মানুষের সঙ্গে ওঠাবসার সুযোগ হয় জেনিফার অ্যানিস্টনের। কিন্তু সপ্তাহান্তে কারও কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন এবং আড্ডা দেন তিনি। নিজে টিকা নেওয়ার পর সবাইকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই ইনস্টাগ্রামে তিনি এ কথা বলেছিলেন। আর তাতেই শুরু হলো সমালোচনা।
জেনিফার অ্যানিস্টনের পোস্টে এক ভক্ত প্রশ্ন করেন, ‘টিকা নিলে আপনি নিরাপদ। আরেকজন টিকা নিলেন কি না, এ নিয়ে আপনাকে এত ভাবতে হচ্ছে কেন?’ জবাবে অ্যানিস্টন লিখেছেন, ‘তাঁর কাছে অন্য ভেরিয়েন্ট থাকতে পারে। সেটা দিয়ে আমি আক্রান্ত হতে পারি।’
গোল্ডেন গ্লোবজয়ী এই অভিনেত্রী আরও বলেন, ‘দেখা গেল, আমি কিঞ্চিৎ অসুস্থ হলাম, হাসপাতালে গেলাম না বা হয়তো মরেই গেলাম! টিকা নেননি—এ রকম কেউ আমার সংস্পর্শে এসে আক্রান্ত হতে পারেন। তাঁর শারীরিক অবস্থা যদি নাজুক হয়, আমি তাঁদের জন্য ঝুঁকিপূর্ণ। এসব কারণে আমি চিন্তিত।’
পরে অ্যানিস্টন ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট দেন। টিকার উপকার প্রসঙ্গে সেখানে তিনি লেখেন, ‘পরিবর্তিত রূপে হয়তো ভাইরাসটা আপনাকে মারতে পারবে না, কিন্তু চেষ্টা করবে।’
টিকা গ্রহণ প্রসঙ্গে জেনিফার অ্যানিস্টন প্রথম কথা বলেন একটি সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যার জন্য। সেখানে তিনি বলেন, ‘এখনো অনেক মানুষ আছেন, যাঁরা টিকা গ্রহণ করেননি বা অবস্থার ভয়াবহতা বুঝতে পারছেন না।’
গত মঙ্গলবার প্রকাশিত একটি ক্লিপে তাঁকে বলতে শোনা গেছে, ‘সপ্তাহান্তে আমার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়, এ রকম কয়েকজনকে আমি হারাতে যাচ্ছি, যাঁরা টিকা নিয়েছেন কি না, এ বিষয়ে মুখ খুলছেন না। এটা আমার জন্যও দুঃখজনক। আমি মনে করি, টিকা নেওয়া ও সেটা প্রকাশ করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।’
মহামারির শুরু থেকেই করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকতে প্রচারণা চালিয়ে আসছিলেন জেনিফার অ্যানিস্টন। নিজের সাড়ে তিন কোটির বেশি অনুসারীকে মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করে আসছিলেন তিনি। গত জুন মাসে তিনি লিখেছিলেন, ‘সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার মতো সাধারণ একটা ব্যাপারকে মানুষের জীবনের বিনিময়ে রাজনীতিকীকরণের কোনো অর্থ হয় না।’ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বন্ধু কেভিনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যাঁরা ভয়ানক এ ভাইরাসের সঙ্গে লড়ছেন, তাঁদের কথা একবার ভাবুন। এটা পরিবারের যেকোনো বয়সী ব্যক্তিকে আক্রমণ করতে পারে।’