অস্কার আয়োজনে স্বাস্থ্যবিধি নিয়ে কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের আলোচনা চলছে। অস্কারে অংশগ্রহণকারী প্রায় সবাইকে করোনার টিকাসনদ দেখাতে হবে, রাখতে হবে পিসিআরের দুটি নেগেটিভ সনদ। এমনকি বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ব্যক্তিদের পিসিআর পরীক্ষা করাতে হবে, তবে তাঁদের জন্য টিকাসনদ বাধ্যতামূলক নয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে করোনা শনাক্তের হার কমে আসছে। হলিউডের ডলবি থিয়েটারে ২৭ মার্চ বসছে অস্কার অনুষ্ঠানের ৯৪তম আসর। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ ভাবছে, অনুষ্ঠান চলাকালে ডলবি থিয়েটারের ভেতরে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে নিয়মের হেরফের রাখবে। মিলনায়তনের সামনের সারিতে বসবেন আসরে মনোনীত সব শিল্পী ও তাঁদের অতিথিরা। তাঁদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার না করলেও চলবে। কারণ, তাঁরা স্বাভাবিকের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখে বসবেন। তিনতলা ডলবি থিয়েটারে আসন রয়েছে ৩ হাজার ৩১৭টি। আমন্ত্রণ জানানো হয়েছে ২ হাজার ৫০০ জনকে। মাঝের তলায় যাঁরা বসবেন, তাঁদের জন্য মাস্ক বাধ্যতামূলক থাকতে পারে। কারণ, তাঁরা বসবেন পাশাপাশি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কমেডিয়ান ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার ও অভিনেত্রী রেজিনা হল। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনা করবেন তিন নারী। তা ছাড়া ৩৫ বছর পর এক আসরে তিনজন সঞ্চালক নিয়েছেন আয়োজকেরা। অস্কারের ইতিহাসে এর আগে একবার তিনজন সঞ্চালক ছিলেন। ১৯৮৭ সালের অস্কার সঞ্চালনা করেন আমেরিকান কমেডিয়ান শেভি চেজ, অভিনেত্রী গোল্ডি হাউন ও অস্ট্রেলিয়ান অভিনেতা পল হগ্যান।
৮ ফেব্রুয়ারি ৯৪তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টির বেশি দেশে সরাসরি দেখাবে পুরস্কার বিতরণের মহাযজ্ঞ।