টুইগসের জন্য লন্ডন ফিরছেন প্যাটিনসন!

মার্কিন অভিনেত্রী ও টোয়ালাইট ছবির সহ-তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের দীর্ঘদিনের প্রেম ভেঙে গেছে গত বছর। অনেক দিন থেকেই নিজের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন প্যাটিনসন। গত সেপ্টেম্বর মাসে তাঁর সঙ্গে ব্রিটিশ গায়িকা ও নৃত্যশিল্পী এফকেএ টুইগসের প্রেমের জোর গুঞ্জন ওঠে। এবার শোনা যাচ্ছে, নতুন প্রেমিকার জন্য লস অ্যাঞ্জেলেস ছেড়ে লন্ডনে ফেরার পরিকল্পনা করছেন প্যাটিনসন।
এ প্রসঙ্গে প্যাটিনসনের কাছের একটি সূত্রের বরাতে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, লন্ডনে জন্ম নিলেও লস অ্যাঞ্জেলেসকে নিজের বাড়ি মনে করেন বলেই জানিয়েছিলেন রবার্ট প্যাটিনসন। বছরের পর বছর ধরে লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাসের পর এবার নিজ দেশে ফেরার পরিকল্পনা করছেন ২৮ বছর বয়সী এ তারকা অভিনেতা। শিগগির লন্ডন ফিরতে চান তিনি। এই সিদ্ধান্তের পেছনে রয়েছেন তাঁর নতুন প্রেমিকা টুইগস।
টুইগসের প্রতি ঝুঁকছেন প্যাটিনসন!
টুইগসের সঙ্গে প্রেম নিয়ে প্যাটিনসন যথেষ্ট সিরিয়াস। নিজেদের সম্পর্ককে মজবুত করতে এবং আরেকধাপ এগিয়ে নিতে লন্ডনে একসঙ্গে বসবাসের পরিকল্পনা রয়েছে প্যাটিনসন ও টুইগসের। এরই মধ্যে লন্ডনে একসঙ্গে থাকার জন্য বাড়ি খোঁজার কাজও শুরু করে দিয়েছেন তাঁরা।
লন্ডনে গিয়ে টুইগসের সঙ্গে নতুন জীবন শুরু করতে চান প্যাটিনসন। লস অ্যাঞ্জেলেসে বেশির ভাগ বন্ধুদের সঙ্গেই তাঁর সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টেরও সম্পর্ক রয়েছে। এ জন্য তাঁদের ছেড়ে যত দ্রুত সম্ভব লন্ডন যেতে চান প্যাটিনসন।
টুইগস ও প্যাটিনসন দুজনই যাঁর যাঁর কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেই নিজেদের জীবনকে নতুন করে সাজাতে চান তাঁরা।