টুইট করে হারানো ফোন, ওয়ালেট ফিরে পেলেন মার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে পোস্ট করা ব্রাউন পরিবারের দুই সদস্যের সঙ্গে মার্ক রাফেলোর ছবি
টুইটারে পোস্ট করা ব্রাউন পরিবারের দুই সদস্যের সঙ্গে মার্ক রাফেলোর ছবি

তারকাখ্যাতি তো একেই বলে! তা না হলে এই কলিকালে হারিয়ে যাওয়া ওয়ালেট আর মোবাইল ফোন কি আর সহজে মেলে? মার্ক রাফেলো বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত এক রাস্তায় ওয়ালেট ও ফোন হারিয়ে ফেলেছিলেন অভিনেতা মার্ক রাফেলো। চিন্তিত হয়ে একটি টুইটও করেছিলেন এ নিয়ে।
টুইট বার্তায় রাফেলো লেখেন, ‘জরুরি দুটি জিনিসের সন্ধানদাতার জন্য রয়েছে বিশেষ পুরস্কার ও অটোগ্রাফসহ ফটোগ্রাফ!’ এই টুইটের ঘণ্টা খানেকের মধ্যেই আরও একটি টুইটে ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর ‘হাল্ক’খ্যাত মার্ক জানিয়েছেন, খোয়া যাওয়া দুটো জিনিসই ফিরে পেয়েছেন তিনি।
‘বেখেয়াল’ মার্ক কিন্তু এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছিলেন। সেটা ঘটেছিল ২০১৪ সালের জুলাইয়ে শিকাগো শহরে। তখন একটি ট্যাক্সিতে নিজের ওয়ালেট ফেলে গিয়েছিলেন এই ‘নাউ ইউ সি মি’ তারকা। সে সময়ও টুইটারে নিজের ভক্ত ও অনুসারীদের সাহায্য চেয়েছিলেন তিনি। পরে রোজ ম্যাকহল নামের একজন সেই ওয়ালেট রাফেলোকে ফেরত দেন।

এবার মার্ককে তাঁর হারিয়ে যাওয়া ওয়ালেট ও মোবাইল ফোন খুঁজে দিয়েছে নিউইয়র্ক নিবাসী ব্রাউন পরিবার। মার্ক রাফেলো তাঁর দ্বিতীয় টুইটে ব্রাউন পরিবারকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ অ্যামেনাইড ও ক্যাথেরিন ব্রাউনকে, আমার ফোন ও ওয়ালেট খুঁজে দেওয়ার জন্য। ব্রাউন পরিবারের সবাইকে ধন্যবাদ।’
টুইটের সঙ্গে মার্ক তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ব্রাউন পরিবারের দুই খুদে সদস্যের সঙ্গে ছবি তুলে তা পোস্ট করেন। এস শোবিজ।