টুইটারে আসক্ত জুলিয়ান মুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান মুর
জুলিয়ান মুর

হলিউড এক বিচিত্র জগৎ। ততোধিক বিচিত্র এই জগতের তারকাদের নানা অভ্যাস। সম্প্রতি হলিউডের তারকা জুলিয়ান মুর জানিয়েছেন, তিনি টুইটারে আসক্ত!

অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর আরও জানান, তিনি টুইটারে সময় কাটাতে ভালোবাসেন। ৫৪ বছর বয়সী এই ‘স্টিল অ্যালিস’খ্যাত তারকা বলেছেন, খুদে ব্লগসাইট টুইটারে ব্যস্ত থাকার বিষয়টা তাঁর কাছে এক নিষিদ্ধ আনন্দের মতো। তিনি বলেন, টুইটারই সেই একটিমাত্র বিষয় যাতে আমি আসক্ত। টুইটারে তিনি অনেক কৌতুক অভিনেতা ও সংবাদমাধ্যমকে (নিউজ সাইট) ‘ফলো’ করেন বলেও জানিয়েছেন মুর।
ব্যক্তিগত বিষয় নিয়ে কথা প্রসঙ্গে জুলিয়ান মুর জানান, তিনি রান্না করতে ভালোবাসেন। বিশেষ করে ‘থ্যাংকসগিভিং’-এর সময় তিনি ‘কর্নব্রেড’ বানাতে পছন্দ করেন।
জুলিয়ান মুরকে তাঁর বাবার পেশাগত কারণে নয়বার স্কুল বদল করতে হয়েছিল। স্কুলজীবনে সহপাঠীদের অনেকেই তাঁকে ‘ফ্রেকেলফেস স্ট্রবেরি’ (স্ট্রবেরির মতো ছোপ ছোপ দাগ আছে যার মুখে) বলে খ্যাপাতো। পড়াশোনার একপর্যায়ে বোস্টন বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন জুলিয়ান মুর। এরপর পড়াশোনার শেষে এক রেস্তোরাঁয় খাবার পরিবেশনকারী (ওয়েট্রেস) হিসেবেও কাজ করেছেন তিনি। পরে একটা সময় মুর ছোটপর্দায় আর চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলেন বটে, কিন্তু ওপরে ওঠার সিঁড়িটা নাগালে পেতে তাঁর বেশ খানিকটা সময় লেগেছিল।
অভিনেত্রী হিসেবে নামকরা সব পরিচালকেরা প্রশংসা করেছেন তাঁর। ৮৭তম অস্কারের আসর থেকে ‘স্টিল অ্যালিস’ ছবির ‘অ্যালিস’ চরিত্রে অভিনয়ের সুবাদে অস্কার পুরস্কার প্রাপ্তির আগে কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জুলিয়ান।
একজন সফল অভিনয়শিল্পীর পাশাপাশি ব্যক্তিজীবনেও জুলিয়ান মুর সফল একজন স্ত্রী, একজন সফল মা। জুলিয়ানের স্বামী বার্ট ফ্রেয়ন্ডলিশ। শিশুসাহিত্যিক হিসেবেও এই অভিনেত্রীর যথেষ্ট সুনাম রয়েছে। জুলিয়ান মুরের লেখা প্রথম বই ‘ফ্রেকেলফেস স্ট্রবেরি’ নিউইয়র্ক টাইমসের সর্বোচ্চ বিক্রীত বইয়ের তালিকার প্রথমে ছিল।
সর্বশেষ হলিউডের যে ছবিতে জুলিয়ান মুর অভিনয় করেছেন সেটির নাম— ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ২’। এ ছবিতে জুলিয়ান অভিনয় করেছেন প্রেসিডেন্ট কয়েন চরিত্রে। পিটিআই। এনডিটিভি।