টেকার নয়!

লরি অ্যালিসনের সঙ্গে বিচ্ছেদের পর ৩০ বছর আর বিয়েমুখো হননি। জনি ডেপ আবার বিয়ে করবেন বলে মনে হচ্ছিল না। অবশেষে তাঁর প্রথম বিয়েটা যে বছর ভেঙেছে, তারও এক বছর পর জন্ম নেওয়া অ্যাম্বার হার্ডকে বিয়ে করে সেই ধনুকভাঙা প্রতিজ্ঞাটাই ভেঙে ফেলেন। কিন্তু ‘ভাঙন’টাই বোধ হয় এই সম্পর্কের নিয়তি। মাত্র ১৫ মাসের মাথায় বিচ্ছেদ হতে চলল ডেপ আর হার্ডের দাম্পত্য জীবনের।
গত সোমবার লস অ্যাঞ্জেলেসের আদালতে ৩০ বছর বয়সী অভিনেত্রী হার্ড বিচ্ছেদের আবেদন করেছেন। কিছুতেই দুজনের বনিবনা হচ্ছে না বলেই এই বিচ্ছেদ। হার্ড তাঁর আবেদনে উল্লেখ করেছেন, গত রোববারই দুজনে বিচ্ছেদ নিয়ে নিয়েছেন। নিয়ম অনুযায়ী যে খোরপোশ দেওয়ার কথা ডেপের, সেটার স্বীকৃতি পেতেই আদালতের দ্বারস্থ হওয়া। গত শুক্রবার মাকে হারানোর পর দাম্পত্য জীবনে এই টানাপোড়েন, ৫২ বছর বয়সী ডেপ যেন ক্যারিবীয় সাগরের ঝড়ের মধ্যেই আছেন!
২০১১ সালে মুক্তি পাওয়া রাম ডায়েরি করতে গিয়েই দুজনের পরিচয়। গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন। তখন চমকে গিয়েছিলেন অনেকে। অভিনেত্রী জেনিফার গ্রে, শেরলিন ফেন কিংবা উইনোনা রাইডারের সঙ্গে আংটি বদল হলেও বিয়েটা শেষ পর্যন্ত হয়নি। এমনকি সুপারমডেল বান্ধবী কেট মসের সঙ্গে দীর্ঘ সম্পর্কটাও বিয়ের পরিণতি পায়নি। ১৯৮৩ সালের পর আবারও বিয়ের পিঁড়িতে বসা ডেপ যে এত দ্রুত ‘ব্যাচেলর’ ডিগ্রি ফিরে পাবেন, কে ভেবেছিল!