টেলর সুইফটের নতুন প্রেম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলর সুইফট ও জ্যাক এফ্রন—শুধুই বন্ধু?
টেলর সুইফট ও জ্যাক এফ্রন—শুধুই বন্ধু?

না, টেলর সুইফট থামার পাত্রী নন। জো জোনস, টেলর লটনার, জন মেয়ার, জ্যাক গিলেনহল, কনর কেনেডি, হ্যারি স্টাইলস, কেলভিন হ্যারিস, টম হিডলস্টন—গেল আট বছরে সব মিলিয়ে আটখানা প্রেম করেছেন পপ গায়িকা সুইফট। শোনা যাচ্ছে, এবার নাকি তাঁর আগ্রহ হলিউড তারকা জ্যাক এফ্রনের প্রতি!
গত সপ্তাহেই কেবল টেলর-হিডলস্টন বিচ্ছেদের খবর বেরিয়েছিল। এরই মধ্যে টেলর নাকি এফ্রনের প্রতি অনুরক্ত। টেলর এখন এফ্রনের মালাই জপে চলেছেন।
টেলর বলছেন, জ্যাক এফ্রনের প্রতি সব সময় তিনি অনুরক্ত ছিলেন। কিন্তু এ ভালো লাগার কথা কখনো বলা হয়নি, কেননা দুজনের জীবনেই কেউ না কেউ ছিলেন সব সময়। টাচ ম্যাগাজিনকে একটি সূত্র এমনটা বলেছে।
সূত্র আরও বলেছে, টেলর ও জ্যাক এমনিতেই সব সময় নিজেদের মধ্যে অনেক মজা করেন। এখন জ্যাককে নিয়ে টেলর কোথাও একসঙ্গে ঘুরতে যেতে চান। সঙ্গে নৈশভোজ। জ্যাকও তাতে রাজি। দুজনের শিডিউল মিলে গেলেই ব্যাপারটি ঘটবে।
অবশ্য টেলর সুইফট ও জ্যাক এফ্রনের প্রেমের গুঞ্জন নতুন নয়। এর আগেও এমন কথা রটেছিল। ২০১২ সালে তাঁরা দুজনেই কণ্ঠ দিয়েছিলেন হলিউডের একটি অ্যানিমেশন ছবি ‘দ্য লোরাক্স’-এ। সেসময় এক রাতে খাবার খেতে খেতে দুজনে নাকি খুব হাসাহাসি করেছিলেন। বলাবলি আছে, তাঁরা দুজন নাকি প্রেমের সম্পর্কে বাঁধা ছিলেন।
কিন্তু তখন টেলর বলেছিলেন সেই বিখ্যাত কথাটি, ‘আমরা শুধুই বন্ধু!’ এবারও কি তা-ই বলবেন? আইএএনএস