ট্রাম্পবিরোধী মিছিলে হলিউডের তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি, মার্ক র‍াফেলো ও স্কারলেট জোহানসন
কেটি পেরি, মার্ক র‍াফেলো ও স্কারলেট জোহানসন

নিকোল কিডম্যান মেনে নিলেও হলিউডের অনেক তারকাই এখনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতে পারছেন না। তাই ট্রাম্পবিরোধী মিছিলে তারকাদের সমাগম দিন দিন বেড়েই চলছে।
এরই মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগের দিন সন্ধ্যায় প্রেসিডেন্টবিরোধী বিশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছেন অনেক তারকা। সেই মিছিলে নাম লিখিয়েছেন হলিউড অভিনেতা মার্ক রাফেলো, মাইকেল মুর, এলিস বাল্ডউইনসহ অনেকে। মাইকেল মুর একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, ১৯ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় তাঁরা নিউইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে মিছিলের জন্য সমবেত হবেন।
এদিকে আরও জানা গেছে, ট্রাম্পবিরোধী আন্দোলনে অভিনেত্রী ও গায়িকারাও কোনো অংশে পিছিয়ে নেই। তাঁরাও শপথ গ্রহণের পরদিন ২১ জানুয়ারি ট্রাম্পবিরোধী একটি মিছিলে অংশ নেবেন। ম্যাডোনা, কেটি পেরি, স্কারলেট জোহানসন, জুলিয়ান মুর, জেসিকা চ্যাস্টেইন এরই মধ্যে নিজেদের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন। ওম্যানস মার্চ নামের সেই মিছিলটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে। এটি মূলত নারীর গর্ভপাত ও নারীর সন্তানধারণ করা বা না করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার (রিপ্রোডাকটিভ রাইটস) বিষয়ে করা ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।
হাফিংটন পোস্ট ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অবলম্বনে।