ট্রাম্পের কারণে বিপাকে অস্কার

২০১২ সালে ইরানের ছবি আ সেপারেশন-এর জন্য পরিচালক আসগর ফরহাদি জিতেছিলেন অস্কার। এবারও বিদেশি ভাষায় নির্মিত ছবির বিভাগে মনোনীত হয়েছে তাঁর নির্মিত দ্য সেলসম্যান। তবে ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অস্কার অনুষ্ঠানে এই পরিচালক উপস্থিত হতে পারছেন কি না, তা নিয়েই এখন যত সংশয়। একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ একটি বিবৃতিতে সম্প্রতি জানিয়েছে, তারা এবারের অস্কার অনুষ্ঠান নিয়ে বেশ বিপাকেই আছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি আরব দেশ থেকে মুসলিমদের ভিসা দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছেন। দেশগুলো হলো ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়া। এই সিদ্ধান্তের পরপরই অস্কার আয়োজকেরা শঙ্কিত হয়ে পড়েন; তাঁরা সন্দিহান যে ইরানি নির্মাতা আসগর তাঁর দল নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন কি না।
এমনটাই জানিয়েছেন অস্কারের মুখপাত্র। লিখিত বিবৃতিতে সেই মুখপাত্র বলেন, ‘বিষয়টি খুবই পীড়াদায়ক যে আসগর ফরহাদির মতো অস্কারজয়ী নির্মাতা তাঁর দল নিয়ে এবারের আসরে আসতে পারবেন কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না।
তাঁর ধর্ম ও নাগরিকত্বের কারণে আমাদের দেশে প্রবেশ করতে তিনি বাধার সম্মুখীন হতে পারেন।’
তবে একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষের বিবৃতির আগেই দ্য সেলসম্যান-এর ইরানি অভিনেত্রী তারানেহ আলিদুস্তি অস্কার আয়োজন বয়কটের ঘোষণা দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘ইরানিদের জন্য ভিসা বাতিল করে ট্রাম্প বর্ণবাদী আচরণ করলেন। এটা যত বড় সাংস্কৃতিক আয়োজনই হোক না কেন, আমি ২০১৭ সালের অস্কারে যাব না।’ যদিও আসগর এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
কিন্তু জাতীয় ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের সভাপতি ত্রিতা পারসি টুইট বার্তায় নিশ্চিত করেছেন, অস্কার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইরানের আসগর ফরহাদি যুক্তরাষ্ট্রে আসতে পারছেন না। গার্ডিয়ান।