ডাকাতের কবলে কিম কার্দাশিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কার্দাশিয়ান
কিম কার্দাশিয়ান

বন্দুক তাক করে কিম কার্দাশিয়ানের কাছ থেকে অর্থ ও গয়না ডাকাতি করেছে একদল মুখোশধারী ব্যক্তি। ফ্রান্সের প্যারিসের এক হোটেল রুমে ডাকাতের কবলে পড়েন এই মার্কিন রিয়্যালিটি টিভি শো তারকা। বর্তমানে পুলিশ হেফাজতে আছেন তিনি। প্যারিসের পুলিশ বিভাগ ডাকাতির এই বিষয় তদন্ত করছে।
কিম কার্দাশিয়ানের মুখপাত্র জানান, মা ক্রিস জেনার ও বোন কেনডাল জেনারের সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে ফ্রান্সে গেছেন কিম। ফ্যাশন উইকে অংশ নেওয়ার জন্য সঙ্গে করে তিনি প্রচুর অর্থ ও অলংকার নিয়ে যান। গতকাল রোববার রাতে পুলিশের পোশাক পরা মুখোশধারী দুই ব্যক্তি কিমের হোটেল রুমে আচমকাই ঢুকে পড়ে। বন্দুক তাক করে তাঁর কাছে থাকা সব অর্থ ও অলংকার লুট করে নেয় তারা।
পরে আরেকটি বিবৃতিতে কিমের মুখপাত্র জানান, পুলিশের পোশাক পরা দুজনসহ মোট পাঁচজন ডাকাত এ ঘটনার সঙ্গে জড়িত। কিম কার্দাশিয়ানের বর্তমান অবস্থার ব্যাপারে ওই মুখপাত্র বলেন, এ ঘটনায় শারীরিকভাবে কিম জখম হননি। তবে মানসিকভাবে ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
এদিকে গতকাল কিমের স্বামী র‍্যাপার কানিয়া ওয়েস্ট ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে একটি সংগীত উৎসবে অংশ নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু স্ত্রী কিমের এই ডাকাতের কবলে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উৎসব ছেড়ে প্যারিসের পথে রওনা করেন তিনি। ভক্তদের উদ্দেশে বলে যান, ‘পারিবারিক জটিলতার কারণে মঞ্চ ছেড়ে যেতে হচ্ছে। দুঃখিত। এখন আমার পরিবারের সঙ্গে থাকা জরুরি।’ এএফপি।