ডাহা মিথ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোয়ান অ্যাটকিনসন
রোয়ান অ্যাটকিনসন

রোয়ান অ্যাটকিনসন নাকি মারা গেছেন! গুগলে সার্চ দিলে এখনো এমন অনেক ছবি পাবেন, যেখানে কালো ব্যানারে রোয়ান অ্যাটকিনসনের মুখচ্ছবি। পাশে লেখা ‘রেস্ট ইন পিস’! অনেকে সংবাদ পাবেন, ‘মিস্টার বিন’ কিংবা ‘রোয়ান অ্যাটকিনসন আর নেই’।
ডাহা মিথ্যা! এখনো দিব্যি বেঁচে আছেন আপনাদের প্রিয় এ অভিনেতা। সুস্থ আছেন ‘মিস্টার বিন’ ওরফে ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। গত মঙ্গলবার এ অভিনেতার মৃত্যুর ভুয়া সংবাদে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। বিবিসির একটি লোগো দেওয়া রোয়ানের একটি ছবি টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেখানে লেখা ছিল আত্মহত্যা করেছেন রোয়ান!
যা হওয়ার তা–ই হলো। শোকবার্তার বন্যা বয়ে গেল। শুরু হলো কান্নাকাটিও। তবে কিছুক্ষণের মধ্যেই খবরটা যে মিথ্যে, তা চাউর হয়ে যায়। এরপর রোয়ানের অনুরাগীরা ওয়েব ওয়ার্ল্ডে ক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত টুইটারেই জানা যায়, রোয়ান ভালো আছেন।
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালে রোয়ানের মৃত্যুর গুজব উঠেছিল। সে সময় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের। অনেক ভক্তের মনে হয়তো এমন প্রশ্নও আসছে, মিস্টার বিন বলেই কি মৃত্যু নিয়ে কৌতুক করতে হবে!
টিভি সিরিজ ‘মি. বিন’–এর মি. বিনের চরিত্রে অভিনয় করা রোয়ান অ্যাটকিনসন একজন ব্রিটিশ লেখক, অভিনেতা  এবং একই সঙ্গে কমেডিয়ান।
১৯৫৫ সালে ইংল্যান্ডের ডারহাম কাউন্টির কনসেটে জন্মগ্রহণ করেন তিনি।
সূত্র : ডেইলিরেকর্ড