ডি নিরোর জুটি হচ্ছেন অ্যানিস্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডি নিরো ও জেনিফার অ্যানিস্টন
রবার্ট ডি নিরো ও জেনিফার অ্যানিস্টন

হলিউডের ডাকসাইটে অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে ‘দ্য কমেডিয়ান’ নামের একটি নতুন ছবিতে জুটি হচ্ছেন জেনিফার অ্যানিস্টন। ৭২ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা ‘দ্য কমেডিয়ান’ ছবিতে জেনিফার অ্যানিস্টনের প্রেমে পড়েছেন এমন বর্ষীয়ান একজন মানুষের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
কমেডি ঘরানার এই ছবির কাহিনিতে জেনিফার অ্যানিস্টনকে এক বিয়ের অনুষ্ঠানে দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান ডি নিরো। আগামী বছর এ ছবির কাজ শুরু হবে বলেই জানা গেছে।
অবশ্য, ‘দ্য কমেডিয়ান’ ছবিটিই ডি নিরোর একমাত্র কমেডিনির্ভর ছবি নয়। ১৯৮২ সালের ‘দ্য কিং অব কমেডি’ ছবিতে ডি নিরো জেরি লুইসের বিপরীতে অভিনয় করেছিলেন।
মাফিয়া ‘গডফাদার’ ভিটো কর্লিয়নি কিংবা সেই নিঃসঙ্গ ট্যাক্সি ড্রাইভার ট্রাভিস-যেকোনো চরিত্রেই অসামান্য অভিনয় করে তাঁর প্রতিভার প্রমাণ রেখেছেন এই ‘গডফাদার’ তারকা। অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো জন্মেছিলেন ১৯৪৩ সালের ১৭ আগস্ট। রবার্ট ডি নিরোর অভিনয় প্রথম সবার নজরে পড়ে ‘গড ফাদার’ (পার্ট ২) ছবিতে। নির্মাতা মার্টিন স্করসেসের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ডি নিরো। মার্টিন স্করসেসের সঙ্গে ডি নিরোর একটি চমৎকার বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছিল।
১৯৭৪ সালের ‘গড ফাদার’ ছবিতে (পার্ট ২) অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা সহ অভিনেতার অস্কার পুরস্কার জিতেছিলেন ডি নিরো। ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল মার্টিন স্করসেসের ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবিটি। ‘রেজিং বুল’ ছবিতে অভিনয়ের কল্যাণে রবার্ট ডি নিরো তাঁর দ্বিতীয় অস্কার পান। জ্যাক লামটো নামের এক বক্সারের জীবনের কাহিনি নিয়ে তৈরি এই ছবি।
এ ছাড়াও, রবার্ট ডি নিরো অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর কয়েকটি হচ্ছে-‘দ্য ডিয়ার হান্টার’, ‘গুডফেলাস’, ‘দ্য আনটাচেবলস’, ডেড পোয়েটস সোসাইটি, ‘ওয়ানস আপন আ টাইম ইন আমেরিকা’,‘রনিন’, ‘অ্যাওয়াকনিংস’। এনডিটিভি। পিটিআই। রয়টার্স।