ডিক্যাপ্রিওর অনুদান পৌঁছাল ৫৯ মিলিয়ন ডলারে

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে আরও এক ধাপ এগিয়ে এলেন অস্কারজয়ী হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এ কাজে নিজের দাতব্য প্রতিষ্ঠান থেকে এবার ১৫ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন এই অভিনেতা।
বিরাট অঙ্কের এই অর্থ সহায়তার মধ্য দিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশনের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৫৯ মিলিয়ন মার্কিন ডলার। ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠানটি এসব সহায়তা দিয়ে আসছে। এ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘বিশ্বের বৃহৎ এ প্রাকৃতিক সমস্যা সমাধানে আমাদের অংশীদারত্ব আরও বাড়ালাম।’
সাম্প্রতিক এই অনুদানের দেখভালের জন্য টেরি টমিনেনকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যাপ্রিও বলেন, ‘এই দুঃসময়ে টেরির হাতে আমরা দায়িত্ব তুলে দিলাম। তিনি এ কাজে সিদ্ধহস্ত। এই ধরনের কাজে তিনি আগেও সাফল্য পেয়েছেন।’
চলতি বছরের শুরুতে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে কাজ করার উৎসাহ দেওয়ায় পোপ ফ্রান্সিসের প্রশংসা করেছিলেন এই অভিনেতা। বলেছিলেন, ‘জলবায়ু পরিবর্তনে বিজ্ঞানীদের সঙ্গে একমত হয়ে এ ব্যাপারে কাজ করার উৎসাহ দিয়ে পোপ একটি মহৎ কাজ করেছেন।’ একজন ধর্মগুরু হিসেবে তিনি এই আন্দোলনে একাত্ম হওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন এই অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস।