ডিক্যাপ্রিওর অস্কার জয়ে বলিউডে উচ্ছ্বাস!

এবারের অস্কারের আসরে যত আলোচনা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল একটি নাম—লিওনার্দো ডিক্যাপ্রিও। এর আগেও সব মিলিয়ে ছয়বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেতা, কিন্তু ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও ঘরে তুলতে পারছিলেন না একটি অস্কারও। সেই অধরা অস্কার এবার ধরা দিল ডিক্যাপ্রিওর কাছে। অস্কারের ৮৮তম আসরে ‘রেভেন্যান্ট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতে নিয়েছেন।
বলাবাহুল্য, অস্কার পেয়ে এই অভিনেতা যারপরনাই খুশি। শুধু কি তিনিই খুশি? প্রিয় অভিনেতার অস্কার প্রাপ্তিতে আনন্দের বন্যায় ভাসছেন তাঁর ভক্তকুল। পিছিয়ে নেই ‘ডিক্যাপ্রিও-ভক্ত’ বলিউডের তারকারাও। নিজেদের প্রতিক্রিয়া জানানোর জন্য তাঁরা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগের নানা মাধ্যম।
বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমার মনে হয়, অস্কার অর্জনের জন্য লিওনার্দোর ওপর যত না চাপ ছিল; এর চেয়ে বেশি চাপ ছিল অস্কার কর্তৃপক্ষের ওপর, তাঁকে এই পুরস্কার জেতানোর জন্য।’
তিনি আরেকটি টুইট বার্তায় লেখেন, ‘ধন্যবাদ লিওনার্দো ডিক্যাপ্রিও, অস্কারের মঞ্চে জলবায়ু পরিবর্তন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য। আমার তো মনে হচ্ছে শুধু এ কারণেই তাঁকে আরেকটি অস্কার দিয়ে দেওয়া উচিত।’
অস্কার পাওয়ার পর মঞ্চে নিজের অনুভূতি প্রকাশ করে লিওনার্দো যে সংক্ষিপ্ত বক্তৃতা দেন, সেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ে কিছু কথা বলেন তিনি। এই পৃথিবীকে যাচ্ছেতাইভাবে না নেওয়ার আহ্বান জানান এই তারকা অভিনেতা।
ডিক্যাপ্রিও বলেন, ‘অস্কার আসরের এ রাতটিকে তিনি অবধারিতভাবে নেননি।’
এদিকে বলিউডের অভিনেত্রী হুমা কুরাইশি ও অভিনেতা রিতেশ দেশমুখও ডিক্যাপ্রিওর সঙ্গে তাল মিলিয়ে টুইট করেছেন, ‘আমি এই রাতকে নিশ্চিতভাবে ধরে নিচ্ছি না।’
বলিউডের অভিনেতা অর্জুন রামপাল লিখেছেন, ‘লিও অবশেষে এটি করে দেখাল। এটি তারই প্রাপ্য ছিল। কী বক্তৃতা! আমি এই গ্রহকে নিশ্চিতভাবে ধরে নিইনি। এই রাতটাকে নিশ্চিত ধরে নিয়ো না।’
পছন্দের অভিনেতার অস্কার জয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী অদিতি রাও হায়দারি লিখেছেন, ‘অবশেষে! ইয়াহু!!!’। টাইমস অব ইন্ডিয়া।