ডিক্যাপ্রিওর 'গোল্ডেন গ্লোব' জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও

‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ৭৩তম গোল্ডেন গ্লোবের আসরে ‘ড্রামা’ বিভাগে সেরা অভিনেতার পুরস্কারটা ঘরে তুলেছেন হলিউডের জনপ্রিয় তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। ডিক্যাপ্রিওর তৃতীয় গোল্ডেন গ্লোব জয় এটি। এর আগে ‘দ্য অ্যাভিয়েটর’ সিনেমার জন্য ২০০৫ সালে এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর জন্য ২০১৪ সালে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি।
এদিকে ড্রামা ঘরানায় সেরা চলচ্চিত্রের পুরস্কারটাও বাগিয়ে নিয়েছে তাঁর অভিনীত ছবি ‘দ্য রেভেন্যান্ট’।
‘ট্রামবো’ সিনেমার জন্য ব্রায়ান ক্র্যান্সটন, ‘স্টিভ জবস’-এর জন্য মাইকেল ফাসবেন্ডার, ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবির জন্য এডি রেডমেইন এবং ‘কনকাশন’ ছবির জন্য উইল স্মিথের মতো গুরুত্বপূর্ণ তারকাদের হারিয়ে ডিক্যাপ্রিওর এই ‘গোল্ডেন গ্লোব’ জয়।
পুরস্কার ঘোষণার আগে বছরটিকে ছবির জন্য ‘ভয়ংকর’ একটি বছর উল্লেখ করে মনোনয়ন পাওয়া সব অভিনেতাকে অভিনন্দন জানান তিনি। পরে ছবিটি সম্পর্কে ডিক্যাপ্রিও বলেন, ‘বেঁচে থাকার লড়াই নিয়ে ছবিটি।...মনুষ্যত্বের জয়ের গল্প এটি, সবচেয়ে বড় কথা, এটা বিশ্বাসের গল্প।’
এদিকে ডিক্যাপ্রিওর সামনে উঁকি দিচ্ছে আরেক সম্ভাবনা। অধরা অস্কার কি এবার হাতে পাবেন এই অভিনেতা? বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয়ের খ্যাতি আছে তাঁর। সব সময় নিজের সেরাটাই ঢেলে দিয়েছেন তিনি। তবুও পাঁচ-পাঁচবার মনোনয়ন পেয়েও অধরা অস্কার অধরাই রয়ে গেছে মেধাবী এই অভিনেতার কাছে। অবশ্য এবার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, গুঞ্জনও চলছে বেশ। গোল্ডেন গ্লোব জয় যেন সে সম্ভাবনাকেই উসকে দিল। অস্কার জয়ের ক্ষেত্রে যেন আরেকটি ধাপ এগিয়ে গেলেন হলিউডের তারকা অভিনেতা ডিক্যাপ্রিও। ফোর্বস ম্যাগাজিন। ই! অনলাইন।