ডি'ক্যাপ্রিওর চেয়েও বড় দুর্ভাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কেভিন ও’কনেল
কেভিন ও’কনেল
ঘনিয়ে আসছে সেই কাঙ্ক্ষিত দিন, যার অপেক্ষায় অধীর হয়ে থাকেন চলচ্চিত্রপ্রেমীরা। ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে বসবে এ বছরের অস্কার আসর। বিশেষ এই দিনটি সামনে রেখে আমাদের এই ধারাবাহিক অস্কার আয়োজন। আজ থাকছে বারবার অস্কার মনোনয়ন পেয়েও পুরস্কার না পাওয়া কেভিন ও’কনেলের কথা। এবার পেয়েছেন ২১তম মনোনয়ন।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় ও আলোচিত আয়োজন অস্কার। প্রতিবছরই এ নিয়ে উত্তেজনার কমতি থাকে না। গত বছর অস্কারের উত্তেজনাকে ছাপিয়ে গিয়েছিলেন অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও। ছয়বার মনোনয়ন পাওয়ার পর অবশেষে তিনি ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডে দ্য রেভেন্যান্ট ছবির জন্য জেতেন অস্কার। কিন্তু আপনারা কি জানেন, লিওনার্দো ডি’ক্যাপ্রিওর চেয়ে বড় দুর্ভাগা আছেন? ২০ বার অস্কার মনোনয়ন পেয়েও স্বর্ণমূর্তিটি আজ পর্যন্ত ঘরে তুলতে পারেননি তিনি, নাম কেভিন ও’কনেল।

কেভিন পেশায় একজন সাউন্ড রি-রেকর্ডিং মিক্সার (ডাবিং মিক্সার)। কেভিনের কাজ হলো ডাবিংয়ের পর ছবির সংলাপ, আবহ সংগীত ও সংগীত ছবির জায়গামতো বসানো। অস্কারে চার দশক ধরে সেরা শব্দ মিশ্রণ (বেস্ট সাউন্ড মিক্সিং) বিভাগে কেভিন তাঁর কাজের স্বীকৃতি হিসেবে মনোনয়ন পেয়ে আসছেন। কিন্তু পুরস্কার আর হাতে আসে না। এবারও হ্যাকসো রিজ ছবির জন্য ২১তম বার মনোনয়ন পেেয়ছেন তিনি।
১৯৮৩ সালে কেভিন ও’কনেল টার্মস অব এনডিয়ারমেন্ট ছবির জন্য প্রথম অস্কার মনোনয়নটি পান। এরপর টপ গান, ডেজ অব থান্ডার, টুইস্টার, দ্য মাস্ক অব জরো, পার্ল হারবার, স্পাইডারম্যান ও মেমোয়ারস অব গেইসা ছবির জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন। ১৯৯৬ ও ১৯৯৮ সালে কেভিনের দুটি করে ছবি মনোনীত হয়েছিল শব্দ মিশ্রণ বিভাগের জন্য। যে বছর টাইটানিক ছবি অস্কার জিতে ইতিহাস গড়েছিল, সেই বছর কন এয়ার ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন কেভিন ও’কনেল।
সবশেষ ২০০৭ সালে ট্রান্সফরমারস ছবির জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন কেভিন। এবার ১০ বছর পর মনোনয়ন পেয়ে আবারও আশায় বুক বাঁধছেন এই মেধাবী শব্দ প্রকৌশলী। গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের জন্যও অ্যাকসেপ্টেন্স স্পিচ (অস্কার জেতার পর যে বক্তৃতা দিতে হয়) লিখে ফেলেছেন তিনি। গত ২০ দফার বক্তৃতাগুলোও জমিয়ে রেখেছেন। কেভিন বলেন, ‘প্রতিটি অ্যাকসেপ্টেন্স স্পিচ একটা থেকে আরেকটা আলাদা ছিল। কিন্তু সেখানে একজনের নাম প্রতিবছরই থাকত। সেই নামটি আমার মায়ের। কারণ, তিনি আমাকে এই পৃথিবীতে এবং ৪০ বছর আগে এই পেশায় এনেছিলেন।’
কেভিনের মায়ের নাম স্কিপি ও’কনেল। ২০০৭ সালে মারা যান। মাকে হারানোর সেই বছরে কেভিন অ্যাপোকেলিপটো ছবির জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন। অস্কার অনুষ্ঠানের দিনটিতেই কেভিনের মা হাসপাতালে ভর্তি হন। অসুস্থ মাকে ছেড়ে অনুষ্ঠানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কেভিনের। কিন্তু মায়ের কথাতেই অস্কার অনুষ্ঠানে যান তিনি। সেবার ড্রিমগার্লস ছবির শব্দ প্রকৌশলীর কাছে হেরে যান কেভিন। হাসপাতালে এসে মাকে জানান, আরও একটিবারের মতো অস্কার-স্বপ্ন ভেঙে গেছে তাঁদের। আর সেই রাতে মাকেও হারান কেভিন।
মায়ের শেষ মুহূর্তটি সাংবাদিকদের বলেন কেভিন, ‘আমার বুকেই মারা যান তিনি।’ কেভিনের মা সব সময় চাইতেন তাঁর ছেলে অন্তত একটা অস্কার জিতুক। তাই এতবার হেরেও আশাবাদী থাকতে চান এই অস্কার-দুর্ভাগা। অন্তত একটি অস্কার কেভিন জিততে চান মায়ের জন্য।