ডেভ বাউতিস্তা বরং 'ভালো' ছবি করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভ বাউতিস্তা
ডেভ বাউতিস্তা

সামান্য এক ঘুষিতে তিনি বদলে দিতে পারেন মুখের মানচিত্র। তিনি চারবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আর দুবার জিতেছেন ডাব্লিউডাব্লিউই। সব মিলিয়ে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি। ২০০৬ সাল থেকে তাঁকে বড় পর্দায় দেখা যায় হলিউডের সিনেমায়। ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ (২০১৪), ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম ২’ (২০১৭) এবং ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (২০১৮) ছবির ড্র্যাক্স চরিত্র দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন নিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি ডেভ বাউতিস্তা।

কিন্তু যত সহজে হয়ে গেল বলা, এই সফলতা কিন্তু মোটেও অত সহজে ধরা দেয়নি। ডেভ বাউতিস্তার ছোটবেলা কেটেছে চরম দারিদ্র্যে। মাত্র নয় বছরের ভিতরে তিনি তাঁর বাসার সামনের গলিতে চোখের সামনে তিনজনকে মারামারি করে মরতে দেখেছেন। ১৩ বছর বয়সে গাড়ি চুরির অপরাধে তিনি ধরা পড়েন। ১৭ বছর বয়সে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। যদিও তিনি বলেন যে তিনি তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ। কারণ, তাঁর পরিবার তাঁকে বাস্তবতা দেখিয়েছে, কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে।

এরপর তাঁকে একটা নাইটক্লাবে দুটি মানুষকে মেরে আহত করার অপরাধে এক বছরের জন্য চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি বডিবিল্ডিং শেখেন। তারপরই তরতর করে বেয়ে ওঠেন সফলতার শিখরে। অবিশ্বাস্য জনপ্রিয়তা পান। শুরু হয় মুদ্রার উল্টো পিঠের তারকাজীবন।

যা হোক, সম্প্রতি ডেভ বাউতিস্তার একজন ভক্ত টুইটারে ‘ফাস্ট অ্যান্ড ফিউরাস ৯’ ছবিতে তাঁকে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন পরিচালক ও প্রযোজককে। ওই ভক্ত লিখেছেন যে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির নতুন ছবিতে ভিন ডিজেলের সঙ্গে ভিলেন হিসেবে ডেভ বাউতিস্তাকে নিলে খুব ভালো হয়। বিশেষ করে জন সিনাকে এই ফ্রাঞ্চাইজিতে যুক্ত করার খবর এলে ওই ভক্ত এ মন্তব্য করেন। তিনি এই ছবির পরবর্তী সদস্য হিসেবে এই ‘রেসলার কাম অভিনেতাকে’ ভিলেনের চরিত্রে দেখতে চান।

এদিকে ভক্তের এই পরামর্শকে গুলি মেরে উড়িয়ে দিয়েছেন খোদ ডেভ বাউতিস্তা। তিনি নাকি মোটেই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির ছবির ভক্ত নন। এসব ছবি করার চেয়ে ‘ভালো ছবি’ করাকেই বেশি প্রাধান্য দেবেন। ডেভ বাউতিস্তা ওই ভক্তের টুইট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মতামতের জন্য ধন্যবাদ। তবে (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯ করার চেয়ে) আমি বরং ভালো ছবি করব।’ অর্থাৎ পরোক্ষভাবে তিনি বলতে চাইছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির ছবিগুলো মোটেও ভালো না।

এই বছরের ১ আগস্ট থেকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’–এর শুটিং শুরু হবে। ২০২০ সালের ২২ মে ছবিটি মুক্তির কথা রয়েছে।