ডেমি মুরকে সাবেক স্বামীর অন্য রকম জবাব

অ্যাশটন কুচার ও মিলা কুনিসদের মতো তারকা দম্পতির জীবনে এমন দিন খুব কমই আসে। যেদিন ক্যামেরা আর সব তারকা জগৎকে পেছনে ফেলে তাঁরা কেবলই একটা সাধারণ পরিবারের মতোই সন্তানদের নিয়ে ঘুরে বেড়াবেন। ই-টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, গত শনিবার চার বছর বয়সী মেয়ে ওয়ায়েট আর দুই বছর বয়সী ছেলে দিমিত্রিকে নিয়ে ডিজনিল্যান্ডে ঘুরেছেন তাঁরা। সেই ছুটির দিনটা নাকি জাদুকরি ছিল।
একদিকে ডেমি মুর তাঁর আত্মজীবনীমূলক বই ‘ইনসাইড আউট’-এ সব বলে দিয়েছেন। বলেছেন, তাঁর তৃতীয় স্বামী ও তাঁর চেয়ে ১৫ বছরের ছোট অ্যাশটন কুচারের সঙ্গে নিজের দাম্পত্য সম্পর্ক নিয়েও। কুচারই নাকি মুরের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় নারীকে এনেছিলেন কুচার।
কুচারের সঙ্গে প্রেমের সময় একবার গর্ভপাত হয়েছিল ডেমি মুরের। এরপর আর গর্ভধারণ করেননি তিনি। কুচার ওই সময় অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। একেবারে ভেঙে পড়েন ডেমি মুর। কুচার নাকি ডেমি মুরকে মদ পান করতে অনুপ্রাণিত করতেন। ওই সময় মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েন মুর। অবশ্য বই লেখার আগেও একাধিকবার মুর এসব কথা জানিয়েছেন গণমাধ্যমকে।
অ্যাশটন কুচারকে ডেমি মুর এতটাই ভালোবাসতেন যে নিজের নাম পর্যন্ত পরিবর্তন করেছিলেন। অবশ্য ২০০৫ সালের সেই বিয়ে শেষ হয় ২০১১ সালে। যদিও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও দুই বছর সময় লেগেছিল।
এসব নিয়ে যখন মার্কিন মিডিয়ায় তোলপাড় হয়েছে, তখন অ্যাশটন কুচার টু শব্দটি না করে দ্বিতীয় স্ত্রী আর বাচ্চাদের হাত ধরে ঘুরে বেড়িয়েছেন ডিজনিল্যান্ডে। যেন ডেমি মুরের সব ফাঁস করে দিলেও তাঁর কিছুই আসে–যায়নি। শুধু তা-ই নয়, স্লিপিং বিউটি ক্যাসলের সামনে অ্যাশটন কুচার স্ত্রী মিলা কুনিসের সঙ্গে একটি সেলফিও তুলেছেন।
সেই সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্নের মতো একটা ছুটির দিন কাটালাম। যা কিছু কল্পনা করা সম্ভব, তার সবই আছে ডিজনিল্যান্ডে। ওয়াল্ট ডিজনি লোকটার কল্পনাশক্তির প্রশংসা না করে উপায় নেই। তিনি মহান।’
এভাবেও বুঝি জবাব দেওয়া যায়!