ডেমির বাড়ির সুইমিংপুলে মৃতদেহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমি মুর
ডেমি মুর

লস অ্যাঞ্জেলেসে ৭০ লাখ ডলার মূল্যের বিলাসবহুল এক বাড়িতে থাকেন হলিউডের অভিনেত্রী ডেমি মুর। এ বাড়িতে চমৎকার এক সুইমিংপুলও আছে। তবে এখন থেকে সম্ভবত একে অভিশপ্ত সুইমিংপুল নামেই ডাকা হবে। কারণ, গতকাল রোববার ভোরে সেখান থেকে এডেনিলসন স্টিভেন নামের ২১ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুর্ঘটনাবশত পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ডেমি কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ।
গতকাল রোববার ভোর সোয়া পাঁচটার দিকে পানিভর্তি সুইমিংপুলের তলা থেকে স্টিভেনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘনিষ্ঠ কয়েকটি সূত্র দাবি করেছে, স্টিভেন সাঁতার জানতেন না। তিনি পা পিছলে সুইমিংপুলে পড়ে যান এবং পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।
এ প্রসঙ্গে লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র মাইক লোপেজ জানিয়েছেন, ডেমির বাড়িতে একটি পার্টির আয়োজন করেন তাঁর ব্যক্তিগত সহকারী। পাঁচ-ছয়জন অতিথির মধ্যে স্টিভেনও ছিলেন। স্টিভেন যেসময় পানিতে পড়ে যান তখন সম্ভবত তাঁর আশপাশে কেউ ছিলেন না।
বিষয়টি জানার পর দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে ডেমি মুর বলেন, ‘আমি খুবই বিচলিত। জন্মদিন উদ্‌যাপনের জন্য আমার মেয়েদের সঙ্গে দেখা করতে আমি দেশের বাইরে যাচ্ছিলাম। ঠিক তখনই দুঃখজনক এই খবরটি পাই। এত অল্পবয়সী একটি ছেলের মৃত্যু অনেক বেশি কষ্টের। আমি তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছি।’
এদিকে ডেমি মুরের এক প্রতিবেশী দাবি করেছেন, ডেমির বাড়িতে তাঁর তিন সন্তান প্রায় প্রতিদিনই রাতভর পার্টি করেন। অবশ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মৃতদেহ উদ্ধারের সময় ডেমির বাড়িতে তাঁর পরিবারের কোনো সদস্য ছিলেন না। তবে ডেমির ব্যক্তিগত সহকারী সেখানে ছিলেন।