তাঁদের পারিশ্রমিক এত কম!
অভিনয় বিষয়টি পর্দার সামনে বসে যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু তত সহজ নয়। সিনেমায় অভিনয় করতে গিয়ে বড় ঝুঁকি নিতে হয় তারকাদের। রাতের ঘুম হারাম করে শট দিয়ে যেতে হয়। কখনো আবার বরফ ঠান্ডায় ঘাপটি মেরে পানিতে বসে থাকতে হতে পারে। পরিস্থিতি যা-ই হোক, শট ‘ওকে’ না হওয়া পর্যন্ত কাজ করেই যেতে হয় অভিনয়শিল্পীদের। তাই তারকারা একটু বেশি পারিশ্রমিক হাঁকালে তেমন অবাক হওয়ার কিছু নেই। বরং অনেক বড় চরিত্রের জন্য নামমাত্র পারিশ্রমিকে রাজি হলেই সেটি হতে পারে খবরের শিরোনাম। হলিউডের কয়েকজন গুণী তারকা তাঁদের জীবনের সেরা কাজটি করেছেন নামমাত্র পারিশ্রমিকে।

বিল মুর
‘রাসমোর’ (১৯৯৮) ছবির জন্য মাত্র নয় হাজার ডলার পারিশ্রমিক নিয়েছিলেন বিল মুর। গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কারজয়ী এ অভিনেতা তখন অন্য ছবির জন্য এক কোটি ডলার নিতেন। কিন্তু ওয়েব অ্যান্ডারসনের এই ছবিতে নামমাত্র পারিশ্রমিকেই কাজ করতে রাজি হন। এমনকি এই ছবির শুটিংয়ের প্রয়োজনে একটি হেলিকপ্টার ভাড়া করার জন্য উল্টো নিজের পকেট থেকে ২৫ হাজার ডলার খরচ করেন বর্ষীয়ান এ অভিনেতা। বিশাল হৃদয়ের না হলে কেউ এমন করে?

জিম ক্যারি
‘ইয়েস ম্যান’ (২০০৮) সিনেমায় অভিনয়ের জন্য কোনো অগ্রিম অর্থ না নিয়েই জিম ক্যারি পরিচালককে ‘ইয়েস’ বলে দিয়েছিলেন। অগ্রিম তো দূরে থাক, ছবির পারিশ্রমিক হিসেবে একটি পয়সাও নেননি এই তারকা। তবে জিমের শর্ত ছিল একটাই—তিনি প্রযোজককে বলেছিলেন, ছবির আয় থেকে তাঁকে ৩৬ দশমিক ৭ শতাংশ অর্থ বুঝিয়ে দিতে হবে। সেই অনুযায়ী চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে। জিমের ভাগ্য ভালো, ‘ইয়েস ম্যান’ বক্স অফিসে খুব ভালো ব্যবসা করেছিল। আর এই সফলতা জিমকে এনে দেয় তিন কোটি ডলারের বেশি অর্থ।

জেনিফার লরেন্স
২০১০ সালে মুক্তি পাওয়া ‘উইন্টারস বোন’ জেনিফার লরেন্সের চতুর্থ ছবি। এই ছবির জন্য জেনিফার পেয়েছিলেন মাত্র তিন হাজার ডলার। শুনে অবাক লাগছে? মাত্র সাত বছর আগের কথা বলা হচ্ছে। এই ছবিতে অভিনয়ের পরই সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন জেনিফার লরেন্স। ‘উইন্টারস বোন’-এর জন্য তিনি একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান। এখন এই অভিনেত্রী একটি ছবির জন্য পারিশ্রমিক নেন কোটি কোটি টাকা।

ব্র্যাড পিট
‘থেলমা অ্যান্ড লুইস’ হলিউডে ব্র্যাড পিটের প্রথম বড় ছবি। ১৯৯১ সালে মুক্তি পাওয়া এই ছবির আগেও ছোট কিছু চরিত্রে কয়েকটি ছবিতে কাজ করেছিলেন এই নায়ক। তবে ‘থেলমা অ্যান্ড লুইজস’ ছবির মাধ্যমেই তিনি পরিচিতি পান। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ছয় হাজার ডলার। ১০ বছর পর একই পরিচালকের ছবি ‘ওশানস ইলেভেন’-এ অবশ্য কড়ায়-গন্ডায় পারিশ্রমিক আদায় করে নেন পিট। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন তিন কোটি ডলার।

হিলারি সোয়াঙ্ক
গত শতকের ১৯৯৯ সালে ‘বয়েজ ডোন্ট ক্রাই’ ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকমন জয় করেন হিলারি সোয়াঙ্ক। শুধু তা-ই নয়, এই ছবির জন্য তিনি প্রচুর খেটেছিলেন। যদিও পারিশ্রমিক জুটেছিল মোটে তিন হাজার ডলার। পারিশ্রমিক কম পেলেও অভিনেত্রীর শ্রম অবশ্য বৃথা যায়নি। সেই বছর এই সিনেমায় অভিনয়ের জন্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন হিলারি। আর পুরস্কার পাওয়ার পরের ছবিটিতেই এক লাফে তাঁর পারিশ্রমিক দাঁড়ায় ৩০ লাখ ডলার। এই না হলে কপাল!
ব্রাইট সাইড