তাঁদেরও ঝগড়া হয়!

জীবন হলো সমুদ্রের মতো। সেখানে দুজনে মিলে বাইতে হয় সংসারের ডিঙি। সয়ে নিতে হয় উত্তাল ঢেউ, ঝড়ঝাপ্টাও। অ্যাঞ্জেলিনা জোলি বলছেন, সংসারজীবন সোনার মতো। তাতে নিখাদ ভালোবাসার সঙ্গে একটু কষ্ট-হতাশা-অভিমানের খাদ মিশে থাকে বলেই সেটি শক্তপোক্ত হয়।

বাই দ্য সি নামের নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক জোলি। তাতে ব্র্যাড পিটের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ও করেছেন। তবে এর আগে এই জুটিকে দেখা গেল ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে, তাঁদের ছয় সন্তানসহ। ভোগ-এর আগামী সংখ্যায় সপরিবারে জোলি-পিটের এই উপস্থিতি বাই দ্য সির আগমনী ধ্বনি বলা যেতে পারে। মজার ব্যাপার হলো, ২০০৫ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ করতে গিয়েই দুজনের পরিচয়, প্রণয়; ছয় সন্তানের সংসার, তারপর বিয়ে। কিন্তু এত দিন বাদে এই প্রথম আবার জুটি বাঁধলেন। অর্থাৎ প্রায় ১০ বছর পর পর্দায় একসঙ্গে আসছেন তাঁরা। গল্পটা সত্তরের দশকের এক দম্পতিকে নিয়ে। নিজেদের সংসার বাঁচানোর জন্য সংগ্রাম করে যাচ্ছেন যাঁরা।
ছবির গল্পটা বলতে গিয়েই জোলি বলেছেন, পিট আর তাঁর মধ্যেও কখনো কখনো ভীষণ ঝগড়া হয়। বলেছেন, ‘জীবনটা শুধু দুঃখে পরিপূর্ণ নয়, আবার তাতে শুধুই হাসি কিংবা আনন্দ থাকে না। সব সম্পর্কে টানাপোড়েন থাকে। যে মানুষটাকে আপনি খুন করে ফেলতে চাইছেন, সেই মানুষটাকেই আপনি আবার পাগলের মতো ভালোবাসতে পারেন।’