তাজমহলে ডিক্যাপ্রিওর 'গোপন মিশন'!

ভোরের তাজমহলের সামনে রীতিমতো ফিল্মি কায়দায় দেহরক্ষী পরিবেষ্টিত, মাথায় ক্যাপ ও চোখে কালো সানগ্লাস পরা তাঁকে ঠিকমতো চেনাও যাচ্ছিল না। নিজেকে আড়াল করতেই সম্ভবত এই ক্যাপ আর সানগ্লাস পরা। কিন্তু তাজমহলে উপস্থিত জনতার কেউ কেউ যখন তাঁকে চিনতে পেরে এগিয়ে আসছিলেন; সে সময় দেহরক্ষীদের সতর্ক বেষ্টনী তাঁকে আড়াল করছিল। গতকাল ভারতের আগ্রার তাজমহলে এভাবেই এক গোপন ঝটিকা সফর করে গেলেন হলিউডের তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
সে সময় তাজমহলে উপস্থিত একজন ফটোসাংবাদিক জানিয়েছেন, ডিক্যাপ্রিও আগ্রায় পৌঁছেছিলেন সকাল সাতটা ১৫ মিনিটের দিকে। আর তাজ দর্শন শেষে যখন দিল্লির উদ্দেশ্যে ফেরার পথ ধরেছিলেন তখন ঘড়ির কাঁটায় স্থানীয় সময় ঠিক নয়টা তিরিশ মিনিট।
গতকাল শনিবার এভাবেই এক ঝটিকা সফরে বিশ্বের ‘সপ্তম আশ্চর্য’ তাজমহল দর্শন করে দিল্লি ফিরেছেন হলিউডের এই তারকা অভিনেতা। তাঁর এই সফর একান্ত ব্যক্তিগত কিনা সে বিষয়টি স্পষ্ট করে না জানালেও একটি সূত্র জানিয়েছে, এ সফরে নিজেকে আড়ালেই রাখতে চেয়েছিলেন এই ‘টাইটানিক’ তারকা। অন্তত কালো পোশাক পরা তাঁর দেহরক্ষীদের সতর্ক আচরণে, ছবি তুলতে বাধা দেওয়ার বিষয়টিতে এবং তাজে সে সময় উপস্থিত অতি উৎসাহী দর্শকদের কেউ ডিক্যাপ্রিওর খুব কাছাকাছি আসা বা ছবি তোলার চেষ্টা করলে; তাঁদের সরিয়ে দেওয়ার সতর্ক ভঙ্গিই বলে দিচ্ছিল— জনতার ভিড় এবং লোক সমাগমের বিষয়টি তাঁরা একদমই চাইছেন না। হয়তো নিভৃতেই তাজ দর্শন করতে চেয়েছেন ডিক্যাপ্রিও।
সম্প্রতি পরিবেশবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের জন্য ভারতে এসেছেন হলিউডের এই তারকা। পরিবেশের ওপর তথ্যচিত্র নির্মাণের পাশাপাশি প্রেমের স্মারক স্থাপনা তাজমহল দেখার আগ্রহও তাঁকে এই কিংবদন্তি স্থাপনার কাছে টেনে এনে থাকবে।
উপস্থিত একজন ফটোসাংবাদিক জানিয়েছেন, গাইড হিসেবে একজন ভারতীয়কেও সঙ্গে রেখেছিলেন ডিক্যাপ্রিও। সম্ভবত ভারতীয় সংস্কৃতি এবং তাজের মাহাত্ম্য বুঝতেই এই গাইডকে নিযুক্ত করেছিলেন তিনি।
প্রসঙ্গত, হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও জাতিসংঘের ‘ক্লাইমেট চেঞ্জ’বিষয়ক শান্তিদূত হিসেবে কাজ করছেন। তাজের পাশের যমুনা নদীতে পরিবেশ দূষণ এই প্রেমের স্মারক অসাধারণ স্থাপনাটিকেও ক্ষতিগ্রস্ত করছে। কে জানে, যমুনার এই পরিবেশ দূষণ এবং এর প্রভাবে তাজমহলের ক্ষতির বিষয়টিও হয়তো জাতিসংঘের পরিবেশবিষয়ক এই শান্তিদূতের সরেজমিনে দেখার বিষয় ছিল! ইন্দো-এশিয়ান নিউজ।