তামিল গেরিলার বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের কান উৎসবের পাম দ্য পুরস্কার হাতে ধীপান ছবির পরিচালক জাক অদিয়ার (মাঝে)। সঙ্গে অভিনেত্রী কালিয়েশ্বরী শ্রীনিবাসন ও অভিনেতা অ্যান্থনিথাসান জেসুথাসান l এএফপি
এবারের কান উৎসবের পাম দ্য পুরস্কার হাতে ধীপান ছবির পরিচালক জাক অদিয়ার (মাঝে)। সঙ্গে অভিনেত্রী কালিয়েশ্বরী শ্রীনিবাসন ও অভিনেতা অ্যান্থনিথাসান জেসুথাসান l এএফপি

অপ্রত্যাশিতভাবে কান চলচ্চিত্র উৎসবের সেরা সম্মান জিতে নিল এক পলাতক তামিল গেরিলার গল্প। ফ্রান্সে বসবাসরত এক তামিল গেরিলার জীবন নিয়ে তৈরি ছবি ধীপান জিতেছে সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাম দ্য মানে স্বর্ণপাম। ছবির নির্মাতা জাক অদিয়ার।
গতকাল রোববার মধ্যরাতে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি জিতেছে হাঙ্গেরির লাজলো নেমেসের ছবি সাউল ফিয়া। সেরা পরিচালক হউ সি সায়েন (দ্য অ্যাসেসিন)। সেরা অভিনেতা ভিনসেন্ট লন্ডন (লা লই দো মারশে)। জুরি পুরস্কার জিতেছে ইয়োরগোস লানথিমোসের লবস্টার। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দুজন। ক্যারল ছবিতে অভিনয়ের জন্য রুনি মারা, মনরোই ছবির জন্য ইমানুয়েল বারকো। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন মাইকেল ফ্রাঙ্কো তাঁর ক্রনিক ছবির জন্য। সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি ওয়েভস ’৯৮।
এর আগে সবার মধ্যেই ছিল উৎসবে সবচেয়ে কাঙ্ক্ষিত সেই মুহূর্তের অপেক্ষা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে তা বোঝাও গেল উৎসবের প্রেস অফিসে গিয়ে।
‘শোনো, এটা কিন্তু কাউকে দেখিয়ো না। আমাদের কাছে খুব বেশি নেই।’ নিচু গলায় বললেন মরগান। যেন খুব গোপন কোনো ষড়যন্ত্রের কথা বলছেন। কান চলচ্চিত্র উৎসবের প্রেস অফিসের এই কর্মকর্তার ভাবভঙ্গি আমার খুব অচেনা নয়। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের শেষ মুহূর্তে ঠিক এই ভঙ্গিতেই বিশেষ কারও হাতে ‘মহামূল্যবান’ লালরঙা আমন্ত্রণপত্র তুলে দিই আমরা।
বিশ্ব সিনেমার এই মহা আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার পাম দ্য’র ঘোষণার অনুষ্ঠানটি তখনো ঘণ্টা চারেক বাকি ছিল। সেই মহা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রথম আলোর প্রতিনিধিকে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন উৎসব আয়োজকেরা। উত্তেজনায় বুক তো একটু ঢিব ঢিব করেই।
সেই সময় নিশ্চয়ই বুক ঢিব ঢিব করছিল সিনেমা দুনিয়ার অনেক রথী-মহারথীরও। কারণ, উৎসবের সেরা পুরস্কারগুলোর ফয়সালার তখন আর মাত্র ঘণ্টা দুয়েক বাকি। কার হাতে উঠবে স্বর্ণপাম। কে পাবেন গ্রাঁ প্রি। ক্যামেরা দ’র যাচ্ছে কার হাতে। এই সব উত্তেজনায় তখনো কম্পমান দক্ষিণ ফরাসি সমুদ্র উপকূল।
নায়কের নাম নিরাজ: শান্ত-চুপচাপ ভঙ্গি। হাতে একটা চিরকুট। চেহারা আর হাবভাবে কোথায় যেন আমাদের প্রয়াত নির্মাতা তারেক মাসুদের সঙ্গে মিল। নিরাজ গাওয়ান একা দাঁড়িয়ে ছিলেন প্যালে ডে ফেস্টিভ্যালের চতুর্থ তলায়। এই মিলনায়তনেই খানিক পরে ঘোষণা হবে ফিপরেসকি পুরস্কার (আন্তর্জাতিক সমালোচক পুরস্কার)। নিরাজ ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপের অন্যতম শিষ্য। তাঁর কথা শুনেছিলাম ঢাকার নির্মাতা দীপংকর দীপনের কাছে। অনুরাগের সঙ্গে বেশ কিছুদিন কাজ করেছেন দীপন। ভারতের নিরাজের সঙ্গে বাংলাদেশি এই নির্মাতার পরিচয় সেই সূত্রেই।
নিরাজকে পরিচয় দিয়ে হাত মেলালাম। বললাম, ‘খুব ভালো লেগেছে আপনার ছবি। দীপনের কাছে আপনার কথা শুনেছি অনেক।’
‘হ্যাঁ, ওকে চিনি।’ নিরাজের ছোট জবাব।
পুরস্কারটা আপনি পাচ্ছেন তো?
জবাবে নিরাজ শুধু মিষ্টি করে হাসলেন। সেই মিষ্টি হাসির মানে বুঝলাম অচিরেই। যখন নিরাজের ছবি মাসান দুই ঘণ্টার ব্যবধানে দু-দুটো পুরস্কার জিতে ফেলল।
গত শনিবার রাতে আন সার্টেন রিগার্ড বিভাগে ফিপরেসকি (ইন্টারন্যাশনাল ক্রিটিকস প্রাইজ) জয়ের পর একই বিভাগে ‘প্রমিজিং ফিউচার’ পুরস্কারটিও জিতেছেন নিরাজ।
সত্যজিৎ রায়ের ভক্ত নিরাজ। ছিলেন অনুরাগ কাশ্যপের অন্যতম সহকারী। নিরাজের গুরুর ছবি গ্যাংস অব ওয়াসিপুর সাড়া জাগিয়েছিল কান উৎসবে। এবার গুরুকেও যেন ছাড়িয়ে গেলেন শিষ্য। নিরাজের ছবি মাসান-এর পটভূমি গঙ্গাতীরের বারানসি ঘাট। যেখানে ভিন্ন জাতের এক মেয়ের প্রেমে পড়ে যায় দীপক নামের এক তরুণ। নিরাজের আরও একটি বড় পুরস্কার—ছবিটি প্রদর্শনীর দিনে তিনি পেয়েছেন সব ধরনের দর্শক-সমালোচকের লম্বা করতালি আর ‘স্ট্যান্ডিং ওভেশন’।
নিরাজের সঙ্গে একই পুরস্কার ভাগাভাগি করেছে ইরানের ছবি নাহিদ। আন সার্টেন রিগার্ড বিভাগে প্রধান পুরস্কারটি অবশ্য জিতেছে আইসল্যান্ডের ছবি রুতার। ছবির পরিচালক গ্রিমোর আকোনারসন। ছবির পটভূমি বরফঢাকা আইসল্যান্ডের এক বিজন এলাকা। যেখানে এক বিচিত্র সংগ্রামে নেমেছে দুই ভাই।
একই বিভাগে জুরি প্রাইজ জিতেছে বিজদান। আর সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন জাপানের কিউসি কুরোসাওয়া।
পুনঃ প্রদর্শনী
কাল দিনজুড়ে ছিল সন্ধ্যার পুরস্কার প্রদান অনুষ্ঠানেরই তোড়জোড়। সকাল থেকে উৎসবের সবগুলো প্রেক্ষাগৃহে ছিল প্রতিযোগিতা বিভাগের ছবিগুলোর পুনঃ প্রদর্শনী।
সেখানেও যথারীতি দর্শকদের কমতি ছিল না।