তারকাদের প্রিয় খাবার (পর্ব-১)
কোরবানির ঈদের একটি বড় অংশজুড়ে থাকে খাওয়াদাওয়ার পর্ব। দেশের তারকারা ঈদে কে কী রাঁধেন, কোন খাবার তাঁরা খেতে ভালোবাসেন, তা আমরা বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানতে পেরেছি। এবার নাহয় একটু বিদেশি তারকাদের কাছ থেকে ঘুরে আসা যাক। যদিও তাঁদের সংস্কৃতিতে ঈদ উদ্যাপনের রীতি নেই, কিন্তু খেতে ভালোবাসে না, এমন জাতি কি এই জগতে আছে?
বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব তারকা জানিয়েছেন তাঁদের প্রিয় খাবারের নাম।

এমা ওয়াটসন
‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসন সকালের নাশতা তৈরিতে খুব পটু। নাশতার তালিকায় তাঁর প্রথম পছন্দ ম্যাক্সিকান খাবার। এমার ভাষায়, ‘আমি খুব ভালো এগ টরটিলা রাঁধতে পারি। এটা আমার একটি বিশেষ রান্নার পদ। এটি বানানো খুব সহজ আর খেতেও ভীষণ মজা।’

হাগ জ্যাকম্যান
এই অভিনেতা পনির খেতে খুব ভালোবাসেন। এটি পেলে তাঁর আর কিচ্ছু চাই না। জ্যাকম্যান বলেন, ‘আমি একজন সত্যিকারের খাদ্যরসিক। আমার ধারণা, ভালো পনিরের থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না।’

স্কারলেট জোহানসন
হলিউড অভিনেত্রী স্কারলেট চিকেন উইংসের নাম শুনলেই হয়েছে! তখনই জিবে জল এসে যায় তাঁর। তিনি নাকি এই খাবার পাগলের মতো পছন্দ করেন। ‘আমি চিকেন উইংসের প্রতি রীতিমতো নেশাগ্রস্ত।’ বলেন স্কারলেট।

জেনিফার অ্যানিস্টন
‘কেক’ সিনেমার অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের প্রিয় খাবার কিন্তু কেক নয়। মিষ্টির চেয়ে ঝাল ও নোনতা খাবারই তাঁর বেশি প্রিয়। তাঁর সবচেয়ে পছন্দের খাবার নাচো। এটি তাঁর এতই প্রিয় যে তা মাটিতে পড়ে গেলে প্রয়োজনে সেখান থেকে তুলে খেতেও রাজি আছেন। নিজেই জানিয়েছেন এই কথা। জেনিফার বলেন, ‘নাচোর চিপস আমি নিজেই বানাই। প্রথমে টরটিলা নিই, এরপর তা তিন কোনা আকৃতিতে কেটে গরম-গরম তেলে ছেড়ে দিই। ব্যাস, ভাজা হয়ে যায় নাচোর মচমচে চিপস।’

জেনিফার লরেন্স
হলিউডের আরেক জেনিফার, অর্থাৎ জেনিফার লরেন্স খাবারদাবারের ব্যাপারে খুব বেশি স্বাস্থ্যসচেতন নন। অনেক খাবারই খেতে ভালোবাসেন, কিন্তু সবচেয়ে ভালো লাগে ফাস্ট ফুড খেতে। পরে ব্যায়াম করে সেটা পুষিয়ে নেন বলে ফাস্ট ফুড খাওয়ার পরও শরীর এমন ছিপছিপে রয়েছে তাঁর।
সূত্র: পপসুগার, ভোগ ম্যাগাজিন।