তিতিবিরক্ত জোহানসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কারলেট জোহানসন
স্কারলেট জোহানসন

সামাজিক যোগাযোগমাধ্যমগুলো শেষ পর্যন্ত অসামাজিক হয়ে উঠছে কি? তা-ই তো মনে করেন স্কারলেট জোহানসন। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, আগে ছিল পাপারাজ্জিদের অত্যাচার, সেটা সামলাতেই হাঁসফাঁস, এখন তো মুঠোফোন আর সামাজিক মাধ্যমগুলোর সুবাদে নিপাট ভালো মানুষটিও পাপারাজ্জির ভূমিকা নিয়ে নিচ্ছে। আগে পেশাদার ছবিশিকারিদের দেখলেই সতর্ক হওয়া যেত। এখন তো হয়েছে বিপদ। কে যে পাপারাজ্জি নয়, ঠাওরানোই কঠিন।
প্রায় দুই দশক ধরে হলিউডে জড়িয়ে আছেন। ফলে জোহানসন তখনকার আর এখনকার—এই দুইয়ের পার্থক্যটা ভালো বোঝেন। এই অ্যাভেঞ্জার্স তারকা বলেছেন, ‘আমি সোশ্যাল মিডিয়ার চোখধাঁধানো আলোর মধ্যে বেড়ে উঠিনি। আমি যখন টিনএজার ছিলাম, এটা তখন কোনো বিষয়ই ছিল না। আমি কার্স্টেন ডান্সট, নাতালি পোর্টম্যানদের জমানার। তখন এটা নিয়ে আমাদের মাথা ঘামাতেই হয়নি, এখনকার তরুণ তারকাদের যেটা করতে হয়। আজ এটা যে পর্যায়ে পৌঁছেছে, সত্যিই বিরক্তিকর।’
এমনকি শ্বশুরবাড়ি ফ্রান্সে গিয়েও নাকি মুক্তি মেলে না। সেখানেও ভক্তদের হামলে পড়া ভিড়। ‘ফ্রান্সের সবাই আর সব জায়গার মতোই চলচ্চিত্র নিয়ে পাগল। বড় শহরগুলোয় আসলে মানুষ নিজেদের নিয়েই এত ব্যস্ত থাকে যে অন্যদের নিয়ে মাথা ঘামানোর সময় কই। কিন্তু ভক্ত তো ভক্তই। তারা সবখানেই থাকে।’ বলেছেন জোহানসন। আইএএনএস।