তিন কন্যাই খান...

‘এক কন্যে রাঁধেন বাড়েন, এক কন্যে খান। এক কন্যে রাগ করে বাপের বাড়ি যান।’ নাহ্, তিন কন্যার কেউ রাগ করে বাপের বাড়ি যাননি। তিনজনেই মিলেমিশে পেট পুরে খেয়েছেন। তবে খাবারের চেয়ে গল্পই যেন ‘খেয়েছেন’ বেশি। গত সোমবার নিউইয়র্কের এক মেক্সিকান রেস্তোরাঁয় নৈশভোজ সারলেন এ সময় হলিউডের সেরা তিন কন্যা—জেনিফার লরেন্স, এমা স্টোন আর অ্যাডেল।

তিনজনের মধ্যে এমনিতেই দারুণ দোস্তি। তিনজনই এ সময় সাফল্যের তুঙ্গে। সাফল্য নাকি মানুষকে নিঃসঙ্গ করে দেয়। বন্ধুর সংখ্যা হু হু করে কমে, ঈর্ষাকাতর শত্রুর সংখ্যা বাড়ে। আশ্চর্য, এই ধারণাকে মিথ্যা করে দিলেন এই তিনজন। অ্যাডেল ঠিক অভিনয়জগতের না হলেও এ সময় স্টোন আর লরেন্সের লড়াইটা তো মুখোমুখিই। ঠিক কী কারণে তিনজনের এ নৈশভোজ, তা জানা যায়নি। কদিন আগে ‘স্যাটারডে নাইট লাইভ’-এ দেখা হয় স্টোন আর অ্যাডেলের। তখনই দুজন নম্বর আদান-প্রদান করেন। এর কদিন আগে অ্যাডেল একই রেস্তোরাঁয় লরেন্সকে নিয়ে এসেছিলেন। এবার এলেন তিনজনই।
ধারণা করা হচ্ছে, ‘হ্যালো’ গানের অবিস্মরণীয় সাফল্য উদ্যাপন করতেই হয়তো এই আয়োজন অ্যাডেলের। বিলটাও তিনি দিয়েছেন। তবে এও শোনা গেছে, বিল নাকি তিনজনই ভাগাভাগি করে দিয়েছেন। পিপল।