তিন বছর পর একসঙ্গে জনসমক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস-লিয়াম হেমসওর্থ
মাইলি সাইরাস-লিয়াম হেমসওর্থ

মাইলি সাইরাস ও লিয়াম হেমসওর্থ অবশেষে তাঁদের সম্পর্কটাকে নতুন করে আনুষ্ঠানিক রূপ দিলেন। তিন বছর প্রেমের পর লিয়ামের সঙ্গে ২০১২ সালে বাগদান করেন এই ‘হানা মন্টানা’ তারকা। কিন্তু এক বছর পরেই এই বাগদান ভেঙে যায়। এই বছর আবার জোড়া লাগতে শুরু করে তাঁদের পুরোনো প্রেমের সম্পর্ক। তবে দুজনের কেউই এত দিন এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। তিন বছর পর এবারই প্রথম জনসমক্ষে এলেন এই তারকা জুটি।

সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন আয়োজিত একটি অনুষ্ঠানে মাইলি তাঁর ‘হ্যাপি হিপ্পি’ ফাউন্ডেশনের জন্য সম্মাননা পেয়েছেন। এই অনুষ্ঠানেই সঙ্গী লিয়ামকে নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা। অনুষ্ঠানে দুজনকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। মাইলির পরনে ছিল পলকা ডট আর ফুলের নকশার একটি জাম্পস্যুট। আর লিয়াম পরেছিলেন কালো রঙের ব্লেজার।

এই বছরের জুলাই মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিয়ামের একটি ছবি পোস্ট করে মাইলি ক্যাপশনে লিখেছিলেন, ‘একটি ছবিতে কতই না ভালোবাসা’। এরপর বাহুতে লিয়ামের প্রিয় খাবারের উলকি আঁকা, তাঁর নামের টি-শার্ট পরা সবকিছু দেখেই আঁচ করা যাচ্ছিল তাঁরা আবারও একে অন্যের প্রেমে মজেছেন। এবার একসঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে হাজির হয়ে তাঁরা সম্পর্কের ব্যাপারে এক রকম ঘোষণাই দিয়ে দিলেন বলা যেতে পারে। আইএএনএস।