তৃতীয় বিয়ের পথে শ্যন পেন!

‘পপ কুইন’ ম্যাডোনার সঙ্গে চার বছর এবং মার্কিন অভিনেত্রী রবিন রাইটের সঙ্গে ১৪ বছর সংসার করেছিলেন অস্কারজয়ী হলিউডের অভিনেতা শ্যন পেন। গত বছরের জুন মাস থেকে দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী শার্লিজ থেরনের সঙ্গে প্রেম করছেন তিনি। দুটি বিয়ের একটিও টেকাতে না পারলেও সম্প্রতি আবারও বিয়ের আগ্রহ প্রকাশ করে খবরের শিরোনাম হলেন ৫৩ বছর বয়সী এ তারকা অভিনেতা।
সম্প্রতি এস্কোয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে পেন বলেন, ‘আবারও ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আমি নিজেও বিস্মিত। এর পেছনে অনেক কারণই আছে। মনে হতে পারে, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এখন আমি এমন কারও পেছনে ছুটছি, যাকে আমি ভালোবাসি। এটি অনেক অনেক আবেগপূর্ণ, গভীর, সত্য ও আনন্দের অনুভূতি। নিজেকে অনেক বেশি পরিপূর্ণ মনে হচ্ছে।’
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে পেন বলেন, ‘হ্যাঁ, আমি আবারও বিয়ে করব। আপনারা বলতে পারেন, আমি আগেও দুটি বিয়ে করেছি। কিন্তু আবার বিয়ে করলে সেটিকে তৃতীয় নয়, প্রথম বিয়ে বলেই মনে হবে আমার কাছে।’
প্রথম স্ত্রী ম্যাডোনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দ্বিতীয় স্ত্রী রবিনের সঙ্গে দূরত্ব রয়েছে বলেই জানিয়েছেন শ্যন পেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘প্রথম স্ত্রীর সঙ্গে আমার দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আমার দুটি সন্তান আছে। সন্তানদের সঙ্গেও আমার দারুণ সুসম্পর্ক আছে।’
ম্যাডোনার সঙ্গে শ্যন পেন ঘর বেঁধেছিলেন ১৯৮৫ সালে। ১৯৮৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ১৯৯৬ সালে রবিন রাইটকে বিয়ে করেন পেন। তাঁদের দুই সন্তান। মেয়ে ডিলান ফ্রান্সেস পেশায় মডেল ও অভিনেত্রী। ছেলের নাম হপার জ্যাক। শ্যন পেন ও রবিনের বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০১০ সালের জুলাই মাসে।