দরজা শেয়ার করতে পারলে না!

বানের জলে ভেসে যাওয়া মানুষ নাকি স্বার্থপর হয়ে যায়। নিজেকে ছাড়া তখন অন্য কাউকে বাঁচানোর কথা ভাবতেই পারে না সে। কিন্তু প্রেমিকের কথা ভিন্ন। বিপন্ন প্রেমিকার জীবন বাঁচাতে নিজেকে মৃত্যুর হাতে তুলে দিতে পারে সে। যেমনটি হয়েছিল ‘টাইটানিক’ ছবির নায়ক জ্যাকের ক্ষেত্রে।
১৯৯৭ সালের এই ছবি হলিউডে ইতিহাস গড়েছিল। ছবিটা যখন মুক্তি পায়, তখন সামাজিক মিডিয়া ছিল না। কিন্তু এখন! দর্শকের প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন জ্যাক, রোজ ও টাইটানিক ছবির পরিচালক। তাঁরা ভুলে যাননি ‘স্বার্থপর’ প্রেমিকা রোজের কথা। যে কি না ভেসে যাওয়া দরজার ওপরে প্রেমিক জ্যাককে একটু জায়গা দেয়নি সেদিন।
সম্প্রতি ‘স্ক্রিন অ্যাক্টর গিল্ড’ পুরস্কারের অনুষ্ঠানে ঘনিষ্টভাবে ফ্রেমবন্দী হতে দেখা গেছে ‘টাইটানিক’ ছবির নায়ক-নায়িকাকে। তাঁদের সেই ‘যেতে নাহি দেব’ ধরণের আলিঙ্গনদৃশ্য পীড়া দিয়েছে দর্শকদের। সামাজিক মিডিয়ায় এক ভক্ত লিখেছেন, ‘এখন ফ্রেম শেয়ার করতে পারছ, অথচ সেদিন একটুখানি দরজা শেয়ার করতে পারলে না!’
টেলিভিশনে উপস্থাপকও একই কথা জিজ্ঞেস করেছিলেন। অভিনেত্রী কেট উইন্সলেট বলেছেন, ‘আমি একমত! দরজাটার ওপর ওর জায়গা হয়ে যেত।’ তিনি উপস্থাপক কিমেলকে বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, লিও আর আমাকে একসঙ্গে দেখলেই ওরা রোমাঞ্চিত হয়। সব কিছুর পর এটাই ভালোলাগার ব্যাপার। এত বছর পরেও মানুষ এই জুটিকে নিয়ে রোমাঞ্চিত হয়ে উঠছে, ব্যাপারটা আমাদের ভালোই লাগে।’ মিড ডে