দুঃসময়ে বন্ধুর পাশে

দুঃসময়েই যদি পাশে না থাকেন, তাহলে তিনি কেমন বন্ধু? বন্ধু হলে হতে হবে জনি ডেপের মতো। সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলি তাঁর অভিনেতা স্বামী ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন। জনি ডেপ তাঁর বন্ধু অ্যাঞ্জেলিনা জোলির এই কঠিন সময়ে তাঁর পাশেই আছেন। জানিয়েছেন এই তারকার একটি ঘনিষ্ঠ সূত্র। অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদের পর তিক্ত সময়গুলোতেও এভাবেই জোলিকে পাশে পেয়েছিলেন জনি।
জোলি ও জনি একসঙ্গে প্রথম কাজ করেছিলেন ২০০৯ সালে, ‘দ্য টুরিস্ট’ ছবিতে। তখন থেকেই তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্ব। শোনা যায়, দাম্পত্য জীবনে টানাপোড়েনের সময়গুলো তাঁরা একে অন্যকে সান্ত্বনা দিতেন। এমনকি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদে জোলির পক্ষে লড়বেন যে আইনজীবী, তাঁকেও নাকি জনির পরামর্শেই নেওয়া। লরা ওয়াসার নামের এই আইনজীবী জনি ডেপের বিবাহবিচ্ছেদেরও আইনজীবী। হলিউডের সব নামীদামি তারকাদের বিচ্ছেদ করান তিনি।
পিটের সঙ্গে জোলির সংসার ভাঙার পেছনে অবশ্য জনি ডেপের কোনো হাত নেই। তিনি কেবল বন্ধু জোলির সংসারে বয়ে যাওয়া ঝোড়ো সময়গুলোতে তাঁকে নানা রকম পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। ঠিক একইভাবে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড যখন জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন, তখন অনেকেই এই তারকার কাছ থেকে পিছু হটলেও পাশে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সাধেই কি বলে বিপদেই বন্ধুর পরিচয়? এনডিটিভি।