দুই বছর ধরে মেয়ের সঙ্গে দেখা নেই টমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে কেটি হোমস, টম ক্রুজ ও সুর
এক ফ্রেমে কেটি হোমস, টম ক্রুজ ও সুর

২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের পর থেকে খুব কমই এ জুটিকে দেখা গেছে এক সঙ্গে। কারণ তাঁদের বিচ্ছেদটা খুব জল ঘোলা করেই হয়েছিল। তাই টম-কেটিকে এক সঙ্গে আর দেখা না-ও যেতে পারে এ বিষয়ে তাঁদের সব ভক্তরাই মোটামুটি নিশ্চিত। কিন্তু তাই বলে এ জুটির একমাত্র মেয়েটির কি দোষ? ছোট্ট সুরি তাঁর বাবার সান্নিধ্য পান না প্রায় দুই বছর হলো এমনটাই জানিয়েছেন টম ও কেটির ঘনিষ্ঠ একজন।

হলিউড অভিনেতা টম ক্রুজ বিতর্কিত ধর্ম সায়েন্টোলজির অনুসারী। কেটি হোমসের সঙ্গে তাঁর বিচ্ছেদের পেছনে সায়েন্টোলজির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গুঞ্জন রয়েছে, সায়েন্টোলজির জন্য কেটি হোমসকে ত্যাগ করেছিলেন টম ক্রুজ। বিচ্ছেদের পর অভিনেত্রী কেটি হোমসও তাঁর মেয়ে সুরিকে নিয়ে দূরে সরে আসেন সায়েন্টোলজি থেকে।

টম ক্রুজের এক ঘনিষ্ঠজন সম্প্রতি ‘দ্য ন্যাশনাল এনকুইরার’ নামে একটি মার্কিন ট্যাবলয়েডকে বলেন, ‘প্রায় ৮০০ দিন ধরে টম ক্রুজ তাঁর মেয়ে সুরির সঙ্গে দেখা করেন না।’

এর কারণ জানতে চাইলে সেই ঘনিষ্ঠজন বলেন, ‘কেটি হোমস ও তাঁর পরিবার টম ক্রুজের সায়েন্টোলজির মতবাদকে নেতিবাচক ভাবে দেখেন। টমের ধারণা, এ কারণে তাঁরা সুরির কাছে টমকে প্রায় সময়ই নেতিবাচকভাবে উপস্থাপন করেন। এ জন্য টম নেতিবাচক ধারণা নিয়ে মেয়ের সম্মুখীন হতে চান না।’


তা ছাড়া মার্ক হেডলে নামে এক সাবেক সায়েন্টোলজি অনুসারী বলেছেন, টম ক্রুজ নাকি মেয়ে সুরির দৈনন্দিন জীবনের ব্যাপারে জানতে মোটেও আগ্রহী নন। একটা সময় বিরতি দিয়ে দিয়ে মেয়ের সঙ্গে দেখা করতে আগ্রহী ছিলেন টম ক্রুজ। কিন্তু যখন থেকে বুঝতে পারলেন মেয়ে সুরির কাছে কেটি ও তাঁর পরিবার টমকে বিরূপভাবে উপস্থাপন করেন, তখন সুরির সঙ্গে মাঝেমধ্যে সময় কাটানোর বিষয়ে অনীহা জন্মে টমের।

উল্লেখ্য, ২০০৬ সালে জন্ম হয় সুরির। ওই বছরই বিয়ে হয় টম ক্রুজ ও কেটি হোমসের। সুরি কেটির প্রথম সন্তান ও একমাত্র সন্তান। অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে টম ক্রুজের আরও দুই দত্তক সন্তান রয়েছে, তারা বয়সে সুরির বড়। ইয়াহু।