দুই ভুবনের দুই বাসিন্দা
সেরা অভিনেত্রী
রেনাতে রিনসভি, ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’
জীবনের প্রথম ছবি অসলো, আগস্ট থার্টিফার্স্ট–এ মাত্র ১ মিনিটের জন্য অভিনয়ের সুযোগ পেয়েছিলেন রেনাতে রিনসভি। ১০ বছর পরে সেই ছবিরই পরিচালক জোয়াকেন থ্রিয়া ভাবলেন, তাঁকে নিয়ে একটা পুরো সিনেমাই করে ফেলা যাক। তা–ই করলেন। রেনাতে রিনসভিও জয় করলেন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসব থেকে নরওয়ের এই তরুণী সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে ফিরলেন।
রেনাতে রিনসভির বয়স ৩৩। এ বয়সে অভিনয়ে লেগে থাকলে তাঁর দেশের অভিভাবকেরা বলেন, পেশা বদলাও। রেনাতে লেগে ছিলেন টিভি সিরিজ, ওটিটি, স্বল্পদৈর্ঘ্য নানা কিছুতে। এ কারণেই রোববার রাতে বিশ্ব পেল এক নতুন তারকা। কানে সাংবাদিকেরা যখন তাঁকে অ্যালিসিয়া ভিকান্ডার ও লিলি জেমসের সঙ্গে তুলনা করছিলেন, তখন হাসতে হাসতে রেনাতে বলছিলেন, ‘আমাকে কিন্তু কেউ কখনো সিনেমায় দেখেনি।’ অথচ দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড ছবির প্রদর্শনীর পর সারা দুনিয়ার পোর্টালগুলো তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে, তা হয়তো বাড়িতে ফিরে জানতে পারবেন তিনি। সংক্ষেপে সেসব প্রশংসার একটি বাক্য তুলে ধরা যায়—আসলেই সে অসাধারণ। আরেকজন তারকার জন্ম হলো।
সেরা অভিনেতা
ক্যালেব ল্যান্ড্রি জোনস, ‘নিট্রাম’
ক্যালেব ল্যান্ড্রি জোনসের কাজ আপনারা আগেও দেখেছেন। নো কান্ট্রি ফর ওল্ডম্যান, দ্য সোশ্যাল নেটওয়ার্ক, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি, গেট আউট, এক্স-মেন: ফার্স্ট ক্লাস, আমেরিকান মেড, কুইন অ্যান্ড কান্ট্রিসহ বহু ছবিতে অভিনয় করেছেন ল্যান্ড্রি। ছোটখাটো থেকে মাঝারি সব চরিত্র। ছোটখাটো নানা উৎসব আর প্রতিযোগিতা থেকে পুরস্কারও পেয়েছেন। এবার কান তাঁকে দিল সেরার খেতাব।
অস্ট্রেলিয়ার এক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নিট্রাম। সেখানে খুনিকে মহিমান্বিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কিন্তু সমালোচকেরা এখানে নির্মম এক খুনিকে না দেখে, দেখেছেন মানসিক রোগের ভয়াবহতা। লান্ড্রি বলেছেন, ‘বোঝাই যাচ্ছে, মানুষ এ ছবি দেখে খেপে যাবে। যদিও ছবিটা খুবই স্পর্শকাতর আর খুব বুঝেশুনে বানানো হয়েছে।’