দুবার অস্কারজয়ী, আলোচনায় ছিল বারবার বিয়েও
১৯৬০ সালে ‘বাটারফিল্ড এইট’ সিনেমায় গণিকা চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য প্রথম একাডেমি পুরস্কার জিতেছিলেন। ১৯৬৩ সালে ক্লিওপেট্রা চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। ১৯৬৬ সালে ‘হু ইজ অ্যাফরেইড অব ভার্জিনিয়া উলফ’ ছবিতে বার্টনের বিপরীতে অনবদ্য অভিনয় করে তিনি জিতে নিয়েছিলেন দ্বিতীয় একাডেমি পুরস্কার। তিনি হলেন এলিজাবেথ টেলর, যাঁকে মনে করা হয় হলিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনেত্রী।
পুরো নাম এলিজাবেথ রোজমন্ড টেলর। জন্ম ১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি, লন্ডনের হ্যাম্পস্টেডে। টেলরের জন্মের সময় তাঁর মার্কিন বংশোদ্ভূত মা–বাবা বসবাস করছিলেন ইংল্যান্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩৯ সালে আবার তাঁরা সপরিবার চলে এসেছিলেন আমেরিকায়।
মাত্র ১০ বছর বয়সে ‘ওয়ার্ন বর্ন এভরি মিনিট’ ছবির মাধ্যমে টেলরের পরিচয় হয় চলচ্চিত্রজগতের সঙ্গে৷ ১৯৪৪ সালে মাত্র ১২ বছর বয়সেই তিনি তারকাখ্যাতি অর্জন করেছিলেন ‘ন্যাশনাল ভেলভেট’ ছবিতে অভিনয় করে। তারপর অভিনয় আর তাঁর সৌন্দর্য দিয়ে দীর্ঘ কয়েক দশক হলিউড শাসন করেছিলেন তিনি। দুবার অস্কারজয়ী অভিনেত্রী অভিনয় করেছেন অর্ধশতাধিক ছবিতে।
অন্যদিকে একাধিক বিয়ে করে ঝড় তোলেন উদারনীতির মার্কিন সমাজেও। সুন্দরী এলিজাবেথ টেলর প্রথম বিয়ে করেছিলেন মাত্র ১৭ বছর বয়সে। তাঁর প্রথম স্বামী ছিলেন বিখ্যাত হোটেল ব্যবসায়ী পরিবারের সন্তান, নিকি হিলটন জুনিয়র। জীবনে মোট সাতজন পুরুষকে তিনি আটবার বিয়ে করেছিলেন।
দ্বিতীয় স্বামী ছিলেন মাইকেল ওয়াইল্ডিং। তৃতীয় বিয়ে মাইকেল টডকে। চতুর্থবার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন এডি ফিশারকে। পঞ্চম ও ষষ্ঠ স্বামী ছিলেন রিচার্ড বার্টন। একবার বিয়ের পর ডিভোর্স দিয়ে আবার তাঁকেই বিয়ে করেছিলেন। সপ্তম স্বামী জন ওয়ার্নার। অষ্টম তথা শেষ স্বামী ল্যারি ফর্টেনস্কি। আটবার বিয়ে থেকে মোট চার সন্তানের মা হয়েছিলেন এলিজাবেথ টেলর।
এলিজাবেথ টেলরের ক্যারিয়ারে মাইলফলক সিনেমা হলো ‘ক্লিওপেট্রা’। যশ, খ্যাতি, অর্থ—সবকিছু তাঁকে দিয়েছিল এই ছবি। কালজয়ী এই অভিনেত্রী জীবনে মোট পাঁচবার অস্কারের জন্য মনোনীত হয়ে পেয়েছেন দুবার। ‘হু ইজ অ্যাফরেইড অব ভার্জিনিয়া উলফ’ ও ‘বাটারফিল্ড এইট’ ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার। ৬৭ বছর বয়সে এলিজাবেথ টেলর সম্মানিত হন ‘ডেম কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’। রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে সম্মানিত করেন।
বার্ধক্যে পৌঁছে দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন এলিজাবেথ টেলর। ডায়াবেটিস, হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, হৃদ্রোগ, ব্রেন টিউমারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। দীর্ঘ কুড়ি বছর অসুস্থ থাকার পর চিরতরুণী এই নায়িকা ২০১১ সালের ২৩ মার্চ মারা যান লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে।
তাঁর মৃত্যুর পরে নিলাম হয়েছিল এলিজাবেথ টেলরের অলংকারসম্ভার। ক্রিস্টির নিলামে গয়নার দাম উঠেছিল কয়েক মিলিয়ন ডলার। পুরো টাকাই ব্যবহৃত হয়েছিল এলিজাবেথ টেলরের নামাঙ্কিত এইডস গবেষণাসংক্রান্ত সংস্থায়।