দেব প্যাটেলের নতুন সঙ্গী!

গত ডিসেম্বরে ছয় বছরের প্রেমের ইতি টেনেছেন ‘স্লামডগ মিলিয়নেয়ার’ তারকা দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টো। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি বিমানবন্দরে অচেনা এক তরুণীর সঙ্গে দেখা গেছে দেব প্যাটেলকে। ওই তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও দেবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলছে কানাঘুষা।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি বিমানবন্দরে নামার পর একসঙ্গে হেঁটে যাওয়ার সময় অচেনা ওই তরুণীর সঙ্গে দেবকে ক্যামেরাবন্দী করা হয়। সে সময় দেবের পরনে ছিল সাদা টি-শার্ট ও সবুজ প্যান্ট। আর কালো প্যান্ট, টি-শার্ট ও চামড়ার জ্যাকেট পরা ছিলেন ওই অচেনা তরুণী। এক খবরে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
বয়সে ছয় বছরের ছোট দেবের সঙ্গে প্রেম শুরুর আগে ফ্রিদা তাঁর সাবেক মুখপাত্র রোহান আন্টাওর সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন। কিন্তু পরে বাগদান ভেঙে দেন ফ্রিদা ও রোহান। দেব ও ফ্রিদার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করার সময়।
গত বছরের অক্টোবর মাসে দেবকে ছাড়াই নিজের ৩০তম জন্মদিন উদ্যাপন করেন ফ্রিদা। দেবের পরিবর্তে ভারতের ধনাঢ্য ব্যবসায়ী বিজয় মালায়ার ছেলে হলিউডের উদীয়মান অভিনেতা সিদ্ধার্থ মালায়ার সঙ্গে জন্মদিন উদ্যাপন করেন ফ্রিদা। সিদ্ধার্থের সঙ্গে জন্মদিন উদ্যাপনের ছবিও ফ্রিদা পোস্ট করেন তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। মূলত তখন থেকেই দেব-ফ্রিদার প্রেম নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। অবশেষে গত ডিসেম্বর মাসে এ জুটির বিচ্ছেদের খবর নিশ্চিত করে ফ্রিদার কাছের একটি সূত্র।