দ্বীপে নয়, ঘরেই বিয়ে

কথা ছিল বাহামার ব্যক্তিগত দ্বীপে দাঁড়িয়ে ‘আই ডু’ বলবেন অ্যাম্বার হার্ড। এ নিয়ে বর জনি ডেপও ছিলেন দারুণ অধীর। সেই সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁদের ভক্তদের আগ্রহের কমতিও ছিল না। কিন্তু শেষ মুহূর্তেই যেন সব আগ্রহে জল ঢেলে দিলেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। বদলে দিলেন বিয়ের পরিকল্পনা। দ্বীপে নয়, নিজ বাড়িতেই সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা।
গেল বুধবার ক্যালিফোর্নিয়ার পশ্চিম হলিউডে জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। সেখানে বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয় বেশ নিভৃতেই। কিন্তু বিয়ের উদ্যাপন তাঁরা করবেন খুব ধুমধাম করে। জনি ডেপের এক প্রতিনিধি জানান, এক সপ্তাহের মধ্যে বাহামায় ডেপের ব্যক্তিগত দ্বীপে হবে বিয়ে উদ্যাপনের পার্টি। সেখানে উপস্থিত থাকবেন হলিউডের জনপ্রিয় তারকারা, সেই সঙ্গে ফ্যাশন জগতের অনেক চেনামুখও। পিপল ম্যাগাজিন