ধন্যবাদের ওপর কাঁচি চালালো অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়া রবার্টস
জুলিয়া রবার্টস

২০০১ সালে ‘ইরিন ব্রোকোভিচ’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতার পর একটা মারাত্মক কাণ্ড ঘটিয়েছিলেন জুলিয়া রবার্টস। মঞ্চে উঠেই পাশে থাকা অর্কেস্ট্রা কন্ডাক্টারকে বলে বসলেন, ‘স্যার, আপনি দারুণ একটা কাজ করছেন। কিন্তু আপনি আপনার হাতের সেই ছড়িটা খুব জলদিই ঘোরানা শুরু করে দেন। কেননা আপনি কিছু সময় একটু বসে জিরিয়ে নিন। কারণ আমি এই মঞ্চে ওঠার সুযোগ আর না–ও পেতে পারি কোনোদিন।’ এই কথাগুলো বলার কারণে জুলিয়া পাক্কা ৩মিনিট সময় পেয়েছিলেন অস্কার মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশের। তা না হলে কোনো বিজয়ী অস্কার ​গ্রহণের পর ‘ধন্যবাদ বক্তব্য’ দিতে গেলেই ৪৫ সেকেন্ডের মাথায় তাঁকে থামানোর জন্য শুরু হয়ে যায় অর্কেস্ট্রার সুর। আর এর মানেই হলো কথা থামিয়ে মঞ্চ থেকে নেমে পড়ার নির্দেশ।
প্রতি বছরই এই ‘ধন্যবাদ বক্ত​ব্য’–র সময় নিয়ে নানান তর্ক–বিতর্ক হয়। অস্কারজয় নিঃসন্দেহে কারো জীবনের সবচেয়ে বড় অর্জন। সেই অর্জনের পর যে পরিমাণ আবেগী হয়ে যান বিজেতারা, তা সামাল দিতে প্রতিবছর দারুণ ঘাম ঝড়াতে হয় অ্যাকাডেমি কর্তৃপক্ষকে। কিন্তু এবার সেই আবেগে সম্পাদনার কাঁচি চালালো অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। অস্কারের ইতিহাসে এবারই প্রথম বিজয়ীরা তাৎ​ক্ষণিকভাবে কোনো ‘ধন্যবাদ বক্তব্য’ দেবেন না। এ বছর থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ আগেভাগেই মনোনীতদের কাছ থেকে সংগ্রহ করেছে ‘ধনব্যাদ বক্তব্য’–এর চিরকুট। এবং তারা আগে থেকেই জানিয়ে দিয়েছিল, ‘ধনব্যাদ বক্তব্য’–এর চিরকুটি হতে হবে সংক্ষিপ্ত। অর্থাৎ​ এটা বিজয়ীদের অনুভূতি প্রকাশের জন্য বরাদ্দকৃত ৪৫ সেকেন্ড সময়ের মধ্যেই শেষ হতে হবে। কিন্তু এমন বিরল অর্জনের অনুভূতি কি আর ৪৫ সেকেন্ডের বেধে দেওয়া সময়ের মধ্যে প্রকাশ করা যায়? যাদের কল্যাণে এই বিশাল জয় পায় তারকা শিল্প​ীরা, এই অল্প সময়ে তাঁদের কি ধন্যবাদ দিয়ে শেষ করা যায়? এখন আর এসব প্রশ্ন ​করে কি হবে! ধন্যবাদের ওপর কাঁচি তো চললোই। গার্ডিয়ান।