ধর্ষণের শিকার হয়েছিলেন জেন ফন্ডা

অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডা জানালেন, শৈশবে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। একসময় ধর্ষণেরও শিকার হন এই অভিনেত্রী। তা ছাড়া চাকরিজীবনে এক ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া শারীরিক সম্পর্কের প্রস্তাব গ্রহণ করেননি বলে তাঁকে চাকরি হারাতে হয়। সম্প্রতি দ্য এডিট সাময়িকীকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব বলেন ৭৯ বছরের জেন।
অভিনেত্রী হওয়ার বিষয়টিকে জেন ফন্ডা দারুণ ‘ভয়ংকর’ বিষয় বলে মনে করেন। তিনি বলেন, ‘একজন অভিনেত্রীকে পর্দায় এতবার বিবস্ত্র হতে হয় যে একটা সময় মেধার চেয়ে দেখতে কেমন লাগছে, সেটাই মনোযোগের বিষয় হয়ে দাঁড়ায়।’
জেন ফন্ডা তাঁর শৈশব ও কৈশোরের দিনগুলোর কথা মনে করে বলেন, একটা সময় নাকি নিজের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর জন্য তাঁর নিজেকেই দায়ী মনে হতো। মনে হতো, হয়তো তাঁরই কোনো আচরণ ধর্ষণের জন্য প্ররোচনা দিয়েছে। কিংবা তিনিই হয়তো কোনো অশ্লীল প্রস্তাবের ঠিক জবাব দিতে পারেননি বলে বারবার একই পরিস্থিতির শিকার হয়েছেন।
বর্তমানে হলিউডে পুরুষ ও নারী শিল্পীদের পারিশ্রমিক–বৈষম্যে সোচ্চার হওয়া বিষয়টিরও প্রশংসা করেন সাতবার অস্কার মনোনয়ন পাওয়া জেন ফন্ডা। তিনি বলেন, ‘একটা সময় আমরা এই পারিশ্রমিক–বৈষম্য নিয়ে ভাবতামই না। নায়কেরা সব সময় বেশি পারিশ্রমিক পাবে, এটাই স্বাভাবিক মনে হতো। কিন্তু এখনকার অভিনেত্রীরা এ বিষয়ে সজাগ।’ বিবিসি।