ধূসর চুলের জেনারেল!

আফগানিস্তানের যুদ্ধে নেতৃত্ব দেওয়া এক মার্কিন জেনারেলের চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট। হলিউডের তারকা ব্র্যাড পিট অভিনীত ধূসর চুলের এই মার্কিন কর্মকর্তাকে নিয়ে আছে নানা বিতর্ক। মার্কিন এক সাংবাদিকের ডায়েরি থেকে এসব তথ্য পাওয়া গেছে। আর সে তথ্য বলছে, ভীষণ রাগী এক সামরিক কর্মকর্তাই ছিলেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও নাকি পাত্তা দিতেন না এই ধূসর চুলো জেনারেল। ‘ওয়ার মেশিন’ ছবিতে এমনই এক রাগী জেনারেলের চরিত্রে দেখা যাবে হলিউডের অভিনেতা ব্র্যাড পিটকে।
এই সেনাপ্রধানের পোশাকের রং ধূসর। চরিত্রটিতে অভিনয়ের জন্য পোশাকের রং এবং কমব্যাট জুতার সঙ্গে মিল রাখতে গিয়ে চুলের রংটা বদলে ফেলতে হয়েছে ব্র্যাড পিটকে।
মার্কিন সাংবাদিক মিশেল হেস্টিংয়ের লেখা ‘দ্য অপারেটরস: দ্য ওয়াইল্ড অ্যান্ড টেরিফায়িং ইনসাইড স্টোরি অব আমেরিকাস ওয়ার ইন আফগানিস্তান’ বইটির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ব্যঙ্গাত্মক কমেডি ধাঁচের ছবি ওয়ার মেশিনের কাহিনি। এ ছবিটি মুক্তি পাবে আগামী বছর।
তবে, স্ট্যানলে ম্যাকক্রিস্টাল নামের যে মার্কিন জেনারেলের চরিত্রে অভিনয় করবেন ব্র্যাড পিট, তাঁর চুল কিন্তু পুরোপুরি ধূসর নয়। চরিত্র আর পোশাকের কারণেই হয়তো চুলের রংটা একটু বেশি ধূসর হয়ে গেছে। রোলিং স্টোন। ই! অনলাইন। ইন্ডিয়ান এক্সপ্রেস।